মানবতাবিরোধী অপরাধের বিচারে বিভ্রান্ত না হতে নিজামীর আহ্বান
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ১৯৭১ সালের একটি স্পর্শকাতর বিষয়কে সামনে এনে ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগে বিভ্রান্ত না হতে তিনি জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।আজ বৃহস্পতিবার বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবিরের দায়িত্বশীল সদস্যদের ‘শিক্ষা শিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজামী এ কথা বলেন।নিজামী বলেন, ‘১৯৭০ সালের আগে একাত্তর ছিল না। তখনো আমাদের আন্দোলনকে বাধা দেওয়া হয়েছে। তখনো জামায়াতের সভা-সমাবেশে বাধা দেওয়া হতো। ’৭০ সালে পল্টনে আমাদের সমাবেশ করতে দেওয়া হয়নি।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে নিজামী তাঁর দলের ছাত্র সংগঠনের কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা এসব কথায় বিভ্রান্ত হইও না।...নবী-রাসুল ও সাহাবিরা ইসলাম প্রচারে যেমন বাধাগ্রস্ত হয়েছিলেন, তেমনি এখন আমরাও ইসলাম প্রচারে বাধাগ্রস্ত হচ্ছি। তার মানে এই নয় যে, যারা জুলুম, নির্যাতন করছে আল্লাহ তাদের পক্ষে আছেন।’জামায়াতের আমির বলেন, এসব বাধা-বিপত্তি ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এক পরীক্ষা। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের হাতেই আল্লাহ ইসলামের ঝান্ডা তুলে রাখার দায়িত্ব দেবেন।ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জামায়াতের দুই নায়েবে আমির মকবুল আহমাদ, দেলাওয়ার হোসাইন সাঈদী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।