মানবতাবিরোধী অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের প্রয়োজন নেই: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ট্রাইব্যুনাল করে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধিতা করেছে বিএনপি। তারা মনে করে, এসব অপরাধের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের প্রয়োজন নেই। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই এই প্রক্রিয়া শুরু করেছে। তবে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।গতকাল দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব তাঁর দলের এই অবস্থান তুলে ধরেন। আগের রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানানো হয়।বিএনপির মহাসচিব বলেন, জনগণ জানতে চায় সরকার আসলেই অপরাধীদের বিচার করতে চায় কি না; নাকি দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস ও পানির সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিপর্যস্ত ও বিক্ষুব্ধ জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে চায়। জনগণ এটাও বুঝতে চায়, সরকার সত্যিই মানবতাবিরোধী অপরাধের বিচার করতে চায়, নাকি এই প্রক্রিয়ার আবরণে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে চায়।বিএনপির কাউকে কি সরকার লক্ষ্যবস্তু করেছে? জানতে চাইলে খোন্দকার দেলোয়ার বলেন, ‘তারা তো একেকবার একেকজনের কথা বলেছে। তারা তালিকা পাঠিয়েছে বা কাগজে ছেপেছে। এর মধ্যে আমাদের দলের লোকের নামও দিয়েছে। অন্যদের নামও ছিল। আমাদের আশঙ্কা, যাঁদেরই তারা ঘায়েল করা প্রয়োজন বলে মনে করবে, তাঁদের জন্যই এই অস্ত্রটা প্রয়োগ করবে।’এ অবস্থা চলতে থাকলে কী হবে—জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘কেউ কি ইচ্ছা করে দেখবে যে আমাকে হত্যা করতেছে? কেউ ঘরে বসে দেখবে? কেউ দেখে না, বিএনপিও দেখবে না।’দেলোয়ার দাবি করেন, দেশ স্বাধীন হওয়ার পর সরকারিভাবে যাদের যুদ্ধাপরাধী বলে তালিকাভুক্ত করা হয়েছিল, তাদের তত্কালীন আওয়ামী লীগ সরকারই মুক্তি দিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ সরকারই করেনি। এটাই ঐতিহাসিকভাবে সত্য। অবস্থা দেখে মনে হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চেষ্টা করা হচ্ছে। এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।লিখিত বক্তব্যে খোন্দকার দেলোয়ার বলেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারে কখনো কেউ বিরোধিতা করেনি। সব সময় বলা হয়েছে, বিচার যেন স্বচ্ছ হয়, বিচার যেন প্রকৃত অপরাধীদের হয় এবং বিষয়টি যেন রাজনৈতিকীকরণ করা না হয়। সরকার এত দিন যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছে। তাদের নির্বাচনী ইশতেহারেও তা-ই বলা হয়েছে। কিন্তু এখন তারা সে কথা থেকে সরে এসেছে। প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।বিএনপির মহাসচিব বলেন, ‘এখন সরকার বলছে মানবতাবিরোধী অপরাধের বিচার হবে। এ ব্যাপারে যেসব অপরাধের কথা বলা হচ্ছে, তা হলো হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও অপহরণ। এসব অপরাধ সত্যিই কেউ করে থাকলে তাদের বিচারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এসব অপরাধের বিচারের সুস্পষ্ট বিধান বাংলাদেশ পেনাল কোডেই আছে এবং এই বিচার ফৌজদারি কার্যবিধিতেই করা সম্ভব। এবং তা-ই করা উচিত। এর জন্য কোনো বিশেষ আদালত কিংবা ট্রাইব্যুনাল কিংবা তদন্ত কমিটি গঠনের প্রয়োজন নেই। আইনের নতুন কোনো সংশোধনী আনাও আইনের চোখে গ্রহণীয় হবে না।’বিএনপি কি তাহলে যুদ্ধাপরাধীদের বিচার চায়? এ প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, ‘আমরা তো পরিষ্কার বলেছি, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের আপত্তি নেই। কিন্তু এখন তো যুদ্ধাপরাধী নেই। তাদের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা ছিল। এখন বলছে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের কথা। সুতরাং তারা কী বুঝাইতে চাইতেছে, সেটাই সমস্যা।...আর এই যে অবস্থান পরিবর্তন ও উদ্দেশ্য থেকে তাদের মতলবটা সহজেই বের করা যায়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই অস্ত্র তারা প্রয়োগ করছে।’খোন্দকার দেলোয়ার বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও নেতারা প্রায় দেড় বছর ধরে এ ব্যাপারে প্রতিনিয়ত পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে চলেছেন। তাঁরা যুদ্ধাপরাধীদের নাম ও তালিকা ঘোষণা করছেন এবং সেই তালিকা বিমানবন্দর ও সীমান্ত চেকপোস্টে পাঠানো হয়েছে বলেও ঘোষণা করছেন। তাঁদের এসব বক্তব্য ও তালিকা পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার মধ্যে ১৯৭১ সালে যারা শিশু ছিল তাদের নামও রয়েছে। আবার এখন আইনমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী বলছেন, সরকারের কাছে কোনো অপরাধীর তালিকা নেই। তদন্ত কমিটি করে তদন্তের মাধ্যমে তালিকা প্রণয়ন করবে। জনগণ এসব দেখেশুনে বিভ্রান্ত এবং সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েছে।তদন্ত কমিটির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘তদন্তের জন্য যে বিশেষ দল গঠন করেছে, তাঁরা একটি বিশেষ দলের সদস্য। তাঁদের কাছে আমরা কী তদন্ত আশা করতে পারি? এই তদন্ত নিরপেক্ষ হবে না।’