আজ জেদ্দায় দীপু মনি-সৌদ আল ফয়সালের বৈঠক
মানবতাবিরোধী অপরাধের বিচারে সমর্থন আদায়ের উদ্যোগ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার এবং একে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও সংকটের বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অবস্থান সুস্পষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিচারের বিষয়ে সরকার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোরও সমর্থন চায়। এর অংশ হিসেবে আজ শনিবার দুই দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, পররাষ্ট্রমন্ত্রী শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সালের সঙ্গে জেদ্দায় আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় অন্য বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে মানবতাবিরোধী অপরাধের বিচারের সর্বশেষ পরিস্থিতি।ঢাকার কূটনীতিকেরা জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে যে চিঠি দিয়েছেন, তার আলোকে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে তুলে ধরবেন দীপু মনি। বিশেষ করে মানবতাবিরোধী বিচারের রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের দেশজুড়ে চালানো সহিংসতার পর সরকারের নেওয়া পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরবেন তিনি। এ ছাড়া ইসলাম ও মহানবী (সা.)-কে অবমাননার বিষয়কে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইসলাম নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটির কাছে যাতে কোনো ভুল বার্তা না যায়, সেটিও ব্যাখ্যা করবেন দীপু মনি।মানবতাবিরোধী অপরাধের বিচার-পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে গত ৪ মার্চ সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন দীপু মনি। ওই চিঠি রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম গত ৯ এপ্রিল সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী খালেদ জানদানের কাছে হস্তান্তর করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। এমনকি গত জানুয়ারিতে আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ ঢাকা সফরের সময়ও বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশের দক্ষ জনশক্তি কাজে লাগাতে সৌদি সহায়তার পাশাপাশি সে দেশে বাংলাদেশের লোকজন নিয়োগ, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা পাওয়ার পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগ, কৃষি ও শিক্ষায় সহায়তা এবং ওআইসি ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হবে।এ সফরের সময় সৌদি উপ-প্রধানমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সেদেশের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে দীপু মনি সৌজন্য সাক্ষাৎ করবেন।সৌদি মন্ত্রীকে দেওয়া চিঠি: মানবতাবিরোধী অপরাধের বিচার-পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চার পৃষ্ঠার চিঠিতে আইন-শাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে সরকার যে মানবতাবিরোধী বিচার শুরু করেছে, তার প্রেক্ষাপট তুলে ধরেছেন দীপু মনি। চিঠিতে এ প্রসঙ্গে পবিত্র কোরআন ও হাদিসকে উদ্ধৃত করে সরকারের প্রত্যয়ের বিষয়টি ব্যাখ্যা করা হয়। সেই সঙ্গে ৪২ বছর পর বিচারহীনতার সংস্কৃতি রোধে সরকার মানবতাবিরোধী বিচার পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যেসব পদক্ষেপ নিয়েছে, তার বর্ণনা দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের বিচারের তিনটি রায়ের পর জামায়াত-শিবির সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে, তার বর্ণনা রয়েছে ওই চিঠিতে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর দেশজুড়ে হত্যা-ধ্বংসের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের বর্ণনা দেওয়া হয়েছে বিস্তারিতভাবে। জামায়াত-শিবিরের তাণ্ডবে নিরীহ লোকজনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্মম প্রাণহানির বিষয়টি উঠে এসেছে এ বর্ণনায়।চিঠির শেষে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, চলমান বিচার-প্রক্রিয়ার সৌদি আরবের সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ। এ লক্ষ্যে বর্তমান প্রক্রিয়ায় সৌদি সরকারের গঠনমূলক পরামর্শকে বাংলাদেশ সমর্থন জানাবে।সৌদি আরব ও কাতারের অবস্থান: মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। যদিও সৌদি কর্তৃপক্ষের প্রভাবশালী দৈনিক সৌদি গেজেট ২০১১ সালের ৩০ এপ্রিল প্রধান সম্পাদকীয়তে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিচার বন্ধের দাবি জানিয়েছিল। এ ছাড়া গত ৭ মার্চ মানবতাবিরোধী বিচার-প্রক্রিয়ার সমালোচনা করে উপসম্পাদকীয় ছেপেছে সৌদি দৈনিকটি।ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রের মতে, সৌদি সরকার সব সময় মানবতাবিরোধী বিচার-প্রক্রিয়ার বিষয়ে নীরবতা পালন করলেও সৌদি গেজেট-এ গোলাম আযমকে নিয়ে সম্পাদকীয় এবং বিচার-প্রক্রিয়ার সমালোচনামূলক উপসম্পাদকীয়টি তাৎপর্যপূর্ণ। কারণ, ওই দুটি লেখা সে দেশের কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে কূটনৈতিক পর্যবেক্ষকদের মত।এ পর্যন্ত তুরস্কের পর মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার মানবতাবিরোধী বিচার বন্ধের দাবি জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে। গত ১৪ জানুয়ারি কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে এ মত জানান। মানবতাবিরোধী বিচারকে কেন্দ্র করে বাংলাদেশের সমাজে সংঘাত ও অস্থিরতা তৈরি হবে—এ আশঙ্কা থেকে বিচার বন্ধের অনুরোধ জানান কাতারের আমির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাতারের ওই চিঠির আনুষ্ঠানিক উত্তর দেয়নি বাংলাদেশ।কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাতারের ওই চিঠি প্রকারান্তরে সৌদি কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। কারণ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোনো বিষয়ে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে অবস্থান ব্যক্ত করে কাতার। জামায়াত-শিবিরের প্রতি সৌদি আরবের সমর্থন রয়েছে। কারণ, জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেশটির বিনিয়োগ রয়েছে।