মানবতাবিরোধী অপরাধের বিচারে ৭৩-এর আইন প্রযোজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন প্রযোজ্য হবে। এ আইনের সঙ্গে আন্তর্জাতিক প্রথাগত আইনের বিরোধ থাকলেও প্রথাগত আইন প্রযোজ্য হবে না। তবে ১৯৭৩ সালের আইনে যদি কোনো অস্পষ্টতা ও শূন্যতা থাকে, তাহলে ব্যাখ্যার জন্য প্রথাগত আন্তর্জাতিক আইন বিবেচনায় নেওয়া যেতে পারে বলে মত দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। আদালতের আহ্বানে সাড়া দিয়ে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে তিনি আজ মঙ্গলবার আদালতে এই মত তুলে ধরেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। একই সঙ্গে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও মত দেন তিনি। এ নিয়ে তিন অ্যামিকাস কিউরি এ প্রশ্নে একই মত দিলেন। এর আগে মত দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও আমীর-উল ইসলাম।শুনানিতে মাহমুদুল ইসলাম বলেন, সংবিধানের ১০৪ নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে অন্তর্নিহিত ক্ষমতা দেওয়া হয়েছে। আইনে কিছু বলা না থাকলেও ন্যায়বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ দিতে পারেন। আপিলের বিধান না থাকলেও আপিলের ওপর শুনানি গ্রহণে সুপ্রিম কোর্টের অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। তিনি বলেন, ন্যায়বিচারের মৌলিক ধারণা (ফান্ডামেন্টাল ফেয়ারনেস) বজায় রাখতে হবে।সাবেক এই অ্যাটর্নি জেনারেল আরও বলেন, পৃথিবীর যেসব দেশে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেখানে দেশীয় আইনে বিচার হয়নি। বিচার হয়েছে চার্টার বা কনভেনশনের মাধ্যমে।এর আগে সকালে অ্যামিকাস কিউরি আমীর-উল ইসলাম তাঁর অসমাপ্ত বক্তব্য উপস্থাপন শেষ করেন। মাহমুদুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পর অপর অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি তাঁর বক্তব্য শুরু করেন। কাল আবার শুনানি হওয়ার কথা। শুনানিকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও কাদের মোল্লার পক্ষে আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এরপর ৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরদিন ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে অব্যাহতি চেয়ে আরজি জানিয়ে আপিল করেন কাদের মোল্লা।এরপর কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়। শুনানিকালে দুটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন ওঠে। একটি হলো, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন-১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না। দ্বিতীয়টি হলো, গত ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন করে ২০০৯ সালের ১৪ জুলাই থেকে এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া হয়েছে, যাতে খালাস বা দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অধিকার দেওয়া হয়। কাদের মোল্লার দণ্ড ঘোষণার পর আইনের ২১ ধারায় আনা ওই সংশোধনীতে রাষ্ট্রপক্ষকে আপিলের যে সুযোগ দেওয়া হলো, তা কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না।এসব প্রশ্ন ওঠায় গত ২০ জুন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করেন। সাত অ্যামিকাস কিউরি হলেন: জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি এবং এ এফ হাসান আরিফ। কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হয় আন্দোলন। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এরপর ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে আপিলের অধিকারসংক্রান্ত ধারায় সংশোধনী আনা হয়।