মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে বিডিআর হত্যার বিচার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের আমির মতিউর রহমান নিজামী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করার আগে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যার বিচার করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চক্রান্ত একই সূত্রে গাঁথা। দুটি বিষয়ই এক জায়গা থেকে আমদানি হয়েছে বলেও নিজামী দাবি করেছেন।আজ শনিবার বিকেলে বড় মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক ওলামা সম্মেলনে নিজামী এসব কথা বলেন। নিজামী দাবি করেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্দেশ্য দুটি। প্রথমত, দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করা এবং দ্বিতীয়ত, যাঁরা আগ্রাসী ও সম্প্রসারণবাদীদের তত্পরতার প্রতিবাদ করতে পারেন, তাঁদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। জামায়াতের আমির বলেন, ‘২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের মূল কুশীলবদের বিচার থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় গঠিত সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনও আংশিক প্রকাশ করা হয়েছে। এ ঘটনাকে হজম করার চেষ্টা করা হচ্ছে।...মানবতাবিরোধী অপরাধের (একাত্তরের) বিচার করতে হলে এই বিচারটা আগে করতে হবে।’ নিজামীর দাবি, ইসলামী শক্তিগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে গণমাধ্যমগুলো তথ্য সন্ত্রাস চালাচ্ছে। আর বাংলাদেশের সীমান্তে ভারত ফেনসিডিলের কারখানা তৈরি করেছে। এর মাধ্যমে ভারত দেশের যুবকদের ফেনসিডিলে আসক্ত করিয়ে জাতি হিসেবে আমাদের পঙ্গু করে দিতে চায়। তাঁর অভিযোগ, দেশে ইসলামী রাজনীতি নির্মূলের চক্রান্ত শুরু হয়েছে। এ চক্রান্তের বিরুদ্ধে সার্থক প্রতিরোধ গড়ে তুলতে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান নিজামী।ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির আবুল কালাম মোহাম্মদ ইউসূফ, মকবুল আহমাদ, ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী।