মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টি নির্দিষ্ট করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা যুব কমান্ড এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের যৌথ উদ্যোগে নারী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংবিধানের ৪৭(২) ধারা সংশোধন করে কোনো ব্যক্তি, ব্যক্তি সমষ্টি বা সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধ করে, তাহলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে।’সুরঞ্জিত আরও বলেন, যারা ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারে বর্তমান সরকার বদ্ধপরিকর। কারও প্রতি বিদ্বেষমূলক বা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই বিচার করা হবে না। এই বিচার হবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিচার। প্রকাশ্য বিচার হবে, কেউ এই বিচারে সংক্ষুব্ধ হলে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন। সংশোধিত সংবিধানে সব ধর্মের সম-অধিকার সমুন্নত রেখে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারা বেগম, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান, বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক ইউনিটের সভাপতি মো. ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন, যুব কমান্ডের সাধারণ সম্পাদক আবদুল জব্বার মৃধা, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুস সহিদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন উপস্থিত ছিলেন। বাসস।