মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় পূর্বনির্ধারিত: আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর যেভাবে সন্দেহভাজন অপরাধীর তালিকা প্রকাশ করেছে, তাতে মনে হয় আসামি আগে থেকে নির্ধারিত করে রাখা হয়েছে। অনেকের ধারণা, মামলার রায়ও আগে থেকেই নির্ধারিত আছে। শুধু একটি প্রক্রিয়ার মধ্যে ফেলে বিচারের নাটক মঞ্চস্থ করে রায় ঘোষণাই বাকি।আজ মঙ্গলবার বিকেলে বড় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।মানবতাবিরোধী অপরাধ বিচারের বিষয় উল্লেখ করে আজহারুল ইসলাম বলেন, বিচারের নামে নাটক করা হলে তা দেশ-বিদেশে কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। সব আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি লঙ্ঘন করে যদি বিচারের নামে সাজানো নাটক করা হয়, তাহলে তা হবে বিচারের নামে ইতিহাসের ঘৃণ্যতম এক মিথ্যাচার।এ প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ জোগাড়ের কাজ বন্ধ এবং জামায়াত-শিবিরের নেতাদের মুক্তির দাবিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন জামায়াত নেতা আজহার। তিনি বলেন, সরকার দেশ চালাতে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতা ঢাকার লক্ষ্য হিসেবে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে পরিস্থিতি ঘোলা করছে।