মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতির আবেদন সাকার
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন তাঁর পক্ষে নিয়োগ করা রাষ্ট্রের আইনজীবী (স্টেট ডিফেন্স) এম বদিউজ্জামান।আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হয়।আইনজীবী বদিউজ্জামান প্রথম আলো অনলাইনকে বলেন, ট্রাইব্যুনালের বিধি ৩৭ অনুযায়ী কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দাখিলকৃত নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, তিনি অপরাধ সংঘটন করেছেন মর্মে অনুমান করার পর্যাপ্ত কোনো কারণ নেই। তাহলে ট্রাইব্যুনাল কারণ উল্লেখ করে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারবেন। এই যুক্তি দেখিয়ে আজ বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হয়েছে।১৫ জানুয়ারি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য আছে।