মানবতাবিরোধীদের বিচার দ্রুত শেষ করার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের বিচার শেষ করে দেশকে কলঙ্কমুক্ত করার শপথের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও হানাহানিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা উচ্চারিত হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধে।গতকাল ভোরে সাভার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার ৪২তম বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ শীর্ষ নেতা-নেত্রীর পাশাপাশি সর্বস্তরের অগণিত মানুষ সাভারে এসে স্বাধীনতাসংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া প্রথামতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু-কিশোর সমাবেশ।স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়। সশস্ত্র বাহিনীর সব সদর দপ্তর, ইউনিট, ঘাঁটি এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে সশস্ত্র বাহিনী। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভোর ছয়টার দিকে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়।এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সভানেত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বীরশ্রেষ্ঠদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা জানান। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের নিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সকাল আটটা ২০ মিনিটে। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানায় দিনের প্রথম প্রহরেই। এরপর শুরু হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পালা। সকাল ১০টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষে ভরে ওঠে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফুল দিতে আসবেন বলে সকাল সাড়ে ছয়টা থেকেই স্মৃতিসৌধ চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা দীর্ঘ সময় অবস্থান করার কারণে অন্য রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের শ্রদ্ধা জানাতে বেগ পেতে হয়। শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এই সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধে জড়িত মূল ব্যক্তিদের রায় হয়ে যাবে বলে তিনি আশাবাদী।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলও গতকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে।সর্বস্তরের মানুষের শ্রদ্ধা: শহীদদের শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষের অনেকেই সেজেছিলেন জাতীয় পতাকার রঙে। লাল-সবুজ রঙের শাড়ি-পাঞ্জাবি পরে আসেন অনেকে। হাতে-মুখে জাতীয় পতাকা এঁকে আসে শিশু-কিশোরেরা। অনেকের মাথায় দেখা যায় ‘যুদ্ধাপরাধীদের বিচারের’ দাবিসংবলিত ব্যান্ড। ছেলের বউ, নাতি-নাতনি নিয়ে মিরপুর থেকে এসেছিলেন মঞ্জু আরা বেগম। তিনি জানান, প্রতিবছরই পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে যান। মঞ্জু আরা বলেন, ‘একাত্তরে যে ভয়াবহ দৃশ্য দেখেছি, তা ভোলার নয়। অসুস্থ শরীর নিয়েও এসেছি শহীদদের স্মরণে। আমি রাজাকারের বিচার চাই।’ পোশাক কারখানার কর্মী হেলালউদ্দিনও এসেছেন সপরিবারে। তিনি বলেন, ‘স্বাধীনতার ৪২ বছরেও দেশে হানাহানি বন্ধ হয় নাই। এখনো জীবনের নিরাপত্তা নাই। এই অবস্থা আর ভালো লাগে না। নেতারা শুধু ফুল দিয়ে গেলেই চলবে না, তাঁদের প্রতিজ্ঞা করতে হবে, দেশে হানাহানি বন্ধ হবে।’নোয়াখালীর হারুন ইসলাম সেজেছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। হাতে রাইফেল। পরনের গেঞ্জিটি রক্তাক্ত। তিনি বলেন, ‘এখানেও রাজনৈতিক দলগুলো শক্তির মহড়া দেয়। শহীদ মিনার, স্মৃতিসৌধসহ জাতীয় ঐক্যের জায়গাগুলোতে এই মহড়া না দেওয়াই ভালো।’ হারুন মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিশাত আঞ্জুমের হাতে আঁকা জাতীয় পতাকা। এই দিনে কী হয়েছে, জানতে চাইলে সে বলে, ‘দেশ স্বাধীন হয়েছিল। অনেক মানুষকে মারা হয়েছে যুদ্ধে। তাই তাদের শ্রদ্ধা জানাতে এসেছি।’স্মৃতিসৌধে গণজাগরণ মঞ্চ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্থাপিত গণজাগরণ মঞ্চ গতকাল জাতীয় স্মৃতিসৌধে স্থানান্তর করা হয়। সেখানে বেলা ১১টার দিকে সমাবেশ হয়। উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। শপথবাক্যে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা, জামায়াত-শিবির নিষিদ্ধ করা এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী পরিষদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতারা এই সমাবেশে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষায়তন ও সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন গতকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে।