মানবতাবিরোধীদের বিচার সমর্থন করে বিবৃতি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধীদের বিচার সমর্থন করে বিবৃতি দিতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।আজ সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। আওয়ামী ওলামা লীগ ‘ধর্মের নামে জঙ্গিবাদী জামায়াত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্য, শান্তির ধর্ম ইসলামবিরোধী’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।খালেদা জিয়ার ‘দুর্নীতিবাজ দুই পুত্র’ ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি, এমন অভিযোগ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আপনার কর্মীরা আপনার সঙ্গে একমত নয়। আপনার দলের তরুণ কর্মীরাও যুদ্ধাপরাধীদের বিচার চায়। এ জন্যই খালেদা জিয়ার রোডমার্চ কর্মসূচিতে ‘সাত হাজারের’ বেশি মানুষের সমাগম হয়নি বলেও মন্তব্য করেন তিনি।বিএনপির রোডমার্চ কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘দুর্নীতির অর্থের গাড়ি আপনি প্রদর্শন করলেন। এ মহড়া দুর্নীতিপরায়ণ সন্তানদের বাঁচানোর জন্য। আমরা জানি, আপনি কতটুকু খেলা শিখেছেন। আপনি জানেন ষড়যন্ত্র করতে। আন্দোলন করতে জানেন না। মানুষ কী চায়, তা বোঝেন না।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী প্রমুখ বক্তব্য দেন।