ভারত ও বাংলাদেশের মানুষে মানুষে গড়ে ওঠা মৈত্রীর বন্ধন দিনে দিনে আরও দৃঢ় হচ্ছে। এই বন্ধন আরও শক্তিশালী করার জন্য আমাদের এগোতে হবে।আজ শুক্রবার বিকেলে বাংলাদেশের ৪২তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ‘স্বাধীন বাংলার চার দশক উত্তরণ ও নতুন চেতনায় ভারত: বাংলাদেশের মৈত্রী বন্ধন’ শীর্ষক এক সেমিনারে আলোচকেরা এ কথা বলেছেন। কলকাতা প্রেসক্লাবের সভাঘরে এই সেমিনারের আয়োজন করে কলকাতায় অবস্থিত ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি। সেমিনারে আলোচকেরা শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। আলোচকেরা বলেন, দুই দেশকে মানবতার পক্ষের আন্দোলন আরও জোরদার করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সংহত করে একাত্তরের মানবতাবিরোধীদের বিরুদ্ধে জোরালো জনমত গড়ে তুলতে হবে।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী। আলোচনায় আরও অংশ নেন ভারতের সাংসদ সৌগত রায়, সাংসদ শুভেন্দু শেখর রায়, বিধায়ক অসিত মিত্র, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী প্রবোধ সিনহা, বিশিষ্ট সাংবাদিক মানস ঘোষ প্রমুখ।