মানবতাবিরোধীরা ভোটার থাকতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতার বিরুদ্ধে অপরাধকারী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা পাওয়া ব্যক্তিরা ভোটার হতে পারবেন না। আগে থেকে কারও নাম ভোটার তালিকায় থাকলে তা বাদ দেওয়া হবে। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে এই সুপারিশ চূড়ান্ত করা হয়। কয়েক দিনের মধ্যে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে কমিশন সচিবালয় সূত্র জানায়। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশে, মানবতাবিরোধী অপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে।বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, সংবিধানে আছে, ১৯৭২ সালে করা যোগসাজশকারী বা দালাল আইনে যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁরা ভোটার হতে পারবেন না। কিন্তু বর্তমানে এই দালাল আইন কার্যকর নয়। যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধীদের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সে জন্য কমিশন ভোটার তালিকা আইনে নতুন বিধান যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।কমিশন ভোটার তালিকা আইনের ৯ ধারায় নতুন দুটি উপধারা যোগ করার প্রস্তাব করেছে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে এবং যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধী হিসেবে কোনো জাতীয় বা আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে তিনি ভোটার হওয়ার অযোগ্য হবেন।কমিশন ভোটার তালিকা আইনের ১৩ ধারা বাদ দিয়ে সেখানে নতুন একটি ধারা প্রতিস্থাপনের প্রস্তাব করেছে। প্রস্তাবে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত আছে, এমন কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে বা কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলে বা ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আইনে দোষী সাব্যস্ত হলে বা যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধী হিসেবে কোনো জাতীয় বা আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হলে, তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে।সম্প্রতি কমিশন দালাল আইনে সাজা পাওয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দালাল আইনে সাজা পাওয়াদের নামের তালিকা চাওয়া হয়েছে। জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দালাল আইনে সাজা পাওয়া ৩৭ ব্যক্তির নাম সরবরাহ করেছে। এ ছাড়া দালাল আইনে বিচারাধীন ছিলেন এমন আরও কিছু ব্যক্তির নাম পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।কমিশন সচিবালয় জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকায় অভিযুক্ত বা সাজা পাওয়া ব্যক্তিদের অনেকের ঠিকানাসহ অন্যান্য তথ্য অসম্পূর্ণ। সে জন্য কমিশন সম্পূর্ণ তথ্য পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছে। একই সঙ্গে কমিশন ভোটার তালিকা থেকে সাজা পাওয়াদের নাম খুঁজে বের করার জন্য তালিকাটি ছবিসহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠিয়েছে।