মানবতার বিচারে রোহিঙ্গাদের আশ্রয় দিন: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গাদের অস্থায়ীভাবে হলেও বাংলাদেশে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আন্তর্জাতিক আইন ও মানবতার বিচারে তাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান তিনি। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালসহ বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বেলা পৌনে ১২টায় জিয়া ব্রিগেড এই কর্মসূচির আয়োজন করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নাগরিকেরা ভারতে আশ্রয় নিয়ে যুদ্ধ করেছিলেন উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, জীবন বাঁচানোর অধিকার সবার আছে। কোনো রাষ্ট্র যদি তার নাগরিকদের ওপর নির্যাতন ও হত্যা চালায়, তাহলে প্রতিবেশী দেশের উচিত তাদের আশ্রয় দেওয়া। এটি আন্তর্জাতিক আইনেও আছে।ইলিয়াস আলী প্রসঙ্গে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের বরাত দিয়ে বিএনপির এই নেতা বলেন, ইলিয়াস আলীকে যারা অপহরণ করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু কারা তাঁকে অপহরণ করেছে বা তিনি কোথায় আছেন, জীবিত না মৃত, তা প্রকাশ করা হচ্ছে না। এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জবাব চেয়েছেন তিনি।কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে ঢাকা কলেজ ছাত্রদল আয়োজিত আরেকটি মানববন্ধনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি চেয়েছিল শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। কিন্তু বিএনপির পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে।জয়নুল আবদিন অভিযোগ করেন, দেশ পরিচালনার নামে প্রধানমন্ত্রী বিএনপিকে ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপিকে কোণঠাসা করার অপচেষ্টা কখনো সফল হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। মানববন্ধনে তিনি আবার তত্ত্বাবধায়ক সরকারের বিল উপস্থাপন করে তা অনুমোদনের আহ্বান জানান।গতকাল ছাত্রদলের চার নেতাকে গোয়েন্দা পুলিশ আটক করেছে—এমন অভিযোগ তুলে জয়নুল আবদিন ফারুক বলেন, তাঁদের ওপর কোনো নির্যাতন করা হলে এর পরিণতি ভালো হবে না। ছাত্রদলের নেতাদের আটক না রেখে আদালতে হাজির করার আহ্বান জানান তিনি।