মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচারকে স্বাগত জানাল প্রবাসীরা
মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের দণ্ড নিশ্চিত করাসহ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে ১৯৭২ সালের সংবিধান পুনর্বহাল এবং জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করতে হবে। গতকাল রোববার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের এক সমাবেশে এসব দাবি জানানো হয়।মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনকে স্বাগত জানিয়ে প্রবাসীরা সমাবেশটির আয়োজন করে। বেলা তিনটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে প্রবাসীরা ম্যানহাটনে জমা হয়। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেয়। সেখানে প্রবাসী নারী ও শিশুদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।সমাবেশে প্রবাসীরা বাংলাদেশি পতাকা নিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচারের দাবি জানায়। তারা বলে, যেসব মহল মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের রক্ষার জন্য অপচেষ্টা চালাবে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সমাবেশে বক্তারা আরও বলেন, একটি আধুনিক বাংলাদেশ গড়তে প্রবাসীরা সরকারকে সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, এ সমাবেশে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক নুরুন্নবী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাসুদুল হাসান, হাজি এনাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, চন্দন দত্ত ও আবদুর রহিম। সমাবেশে প্রস্তাব পাঠ করেন শিতাংশু গুহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মিসবাহ আহমেদ, রানা ফেরদৌস চৌধুরী, আবদুর রকিব, নজমুল ইসলাম চৌধুরী, ফাহিম রেজা নূর, প্রদীপ রঞ্জন কর, নাসরিন চৌধুরী, রতন বড়ুয়া, কাজী কয়েস, গোলাম রব্বানী, শামীমা নার্গিস প্রমুখ।