মানবতার বিরুদ্ধে অপরাধের তথ্য-উপাত্ত প্রধান তদন্তকারীর কাছে পেশ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীনের কাছে আজ রোববার তথ্য-উপাত্ত জমা দেওয়া হয়েছে। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান ১৯৭১ সালের যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত তথ্য, উপাত্ত, দলিল, অপরাধীর তালিকা, সন্নিবেশিত গ্রন্থ ইত্যাদি তদন্ত সংস্থার কাছে জমা দেন।চারটি বাক্সে করে এগুলো জমা দেওয়া হয়। এসব বাক্সে আছে এম এ হাসানের লেখা ২৫টি বই, মওদুদ এলাহীর লেখা একটি বই, বধ্যভূমিগুলোর তালিকা ও মানচিত্র, সুনির্দিষ্ট অভিযোগসহ অভিযোগপত্র, নির্যাতিতদের ছবি, অপরাধীদের ছবি, ভিডিও রেকর্ড ইত্যাদি। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজার ৭৭৫ ব্যক্তির একটি তালিকা ২০০৮ সালের ৩ এপ্রিল তৈরি করা হয়েছিল। ওই তালিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, দলটির বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকের নামই আছে। আজ সেই তালিকাও প্রধান তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া হয়। এর আগে গত ৩১ মার্চ এসব তথ্যপ্রমাণ পেশ করার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও তদন্ত সংস্থার প্রধানসহ তিনজনকে চিঠি পাঠিয়েছিল ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। একজন বিশেষ বার্তাবাহকের মাধ্যমে কমিটির আহ্বায়ক এম এ হাসান চিঠিটি পাঠিয়েছিলেন।