মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে করা অপরাধের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতাযুদ্ধ চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার দেশবাসীর দাবি।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্যরা সংস্থার চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসস।এ সময় চেয়ারম্যানের সঙ্গে সংস্থার দুজন সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর ও এ কে এম জহির আহমেদ উপস্থিত ছিলেন।বৈঠককালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে দ্বিতীয় মহাযুদ্ধের পর অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট-১৯৭৩ এবং ২০০৯ সালে এর সংশোধনের বিভিন্ন দিক তুলে ধরেন।নিজামুল হক বলেন, অর্পিত দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালনের ব্যাপারে ট্রাইব্যুনাল বদ্ধপরিকর। তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট মোতাবেক ট্রাইব্যুনাল এরই মধ্যে বিচারের বিধিবিধান প্রণয়ন করেছে।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত ব্যক্তিরা ৩০ লাখ লোক হত্যা ও দুই লক্ষাধিক নারীর সম্ভ্রম নষ্ট এবং প্রায় এক কোটি লোককে তাদের মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য করেছিল। স্বাধীনতার জন্য এত লোক হত্যার আর কোনো দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে নেই উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মানবতাবিরোধী অপরাধী ও তাদের সহায়তাকারীদের যথাযথ বিচার এ দেশের সর্বস্তরের মানুষের দাবি।বিচারে একজন নিরপরাধ ব্যক্তিও যাতে শাস্তি না পান, সে ব্যাপারে লক্ষ রাখার জন্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একজন নির্দোষ ব্যক্তিও যদি শাস্তি পায়, তাহলে জনগণ ট্রাইব্যুনালের প্রতি তাদের আস্থা ও শ্রদ্ধা হারাবে।’বৈঠককালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।