মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার হবেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িতদের বিচার বাংলার মাটিতে হবেই। বাংলাদেশের মানুষ এসব অপরাধীর বিচার চায়। সরকার ইতিমধ্যে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে পূর্ব এশিয়ার সমৃদ্ধশালী দেশ দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও জোরদার করতে এগিয়ে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জ্যাংচুং জিমনেসিয়াম গ্যালারিতে আয়োজিত বাংলাদেশ উৎসব-২০১০ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ার শ্রম মন্ত্রণালয় ও সিউলে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে গতকাল সকালে সিউলে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। খবর ইউএনবি ও বাসসের।উৎসবে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানির জন্য কোরীয় সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘কোরীয় সরকারের সঙ্গে বৈঠকের সময় আমি তাদের অনুরোধ জানাব, তারা যেন বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করে।’ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচিতে সহযোগিতা করার জন্য কোরিয়াপ্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘গত নির্বাচনের পরাজিত শক্তি দেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।’ প্রবাসী কর্মীদের জন্য ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম’ প্রবর্তন করায় সেদেশের শ্রম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তিনি। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় এক লাখ ৩০ হাজার বাংলাদেশি কাজ করছেন। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে আপনারা প্রত্যেকেই বাংলাদেশের একজন দূত। আপনাদের সমস্যা সমাধান ও বিদেশে যাতে আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে জন্য আমি ও আমার সরকার কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, ২০০৯ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এক হাজার কোটি ডলার ছাড়িয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোরিয়ার শ্রমমন্ত্রী লিম থে-হি। বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি কিম চুং-হোয়ান, সিউলে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।এর আগে সকালে শেখ হাসিনাকে সিউল বিমানবন্দরে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান চোটায়ে-ইয়ং ও মহাপরিচালক (দূরপ্রাচ্য) চোইচং মুন। মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের হোটেল গ্রান্ড হায়াতে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন। দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী থাইল্যান্ডে ছয় ঘণ্টার যাত্রাবিরতি করেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, সাংসদ ইমরান আহমেদ, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।সফরসূচি অনুযায়ী শেখ হাসিনা আজ সোমবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৬৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। কাল মঙ্গলবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। ষষ্ঠ ইসলামিক ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার জন্য ওই দিনই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাবেন তিনি।ফিলিপাইনের প্রেসিডেন্টকে অভিনন্দন: প্রধানমন্ত্রী ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক বার্তায় ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অ্যাকুইনোকে বাংলাদেশের জনগণ ও তাঁর নিজের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি। নরওয়ের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা: প্রধানমন্ত্রী আজ নরওয়ের সংবিধান দিবস উপলক্ষে সে দেশের প্রধানমন্ত্রী জেন্স স্টোলটেনবার্গকে শুভেচ্ছা জানান। এক বার্তায় তিনি বলেন, ‘নরওয়ে বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার।’