মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে হস্তক্ষেপ করবে না পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারে পাকিস্তান কোনো হস্তক্ষেপ করবে না। ইসলামাবাদ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার মনে করে। বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশী আজ মঙ্গলবার আইনমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করে তাঁর দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন।সাক্ষাত্ শেষে আশরাফ কোরেশী সাংবাদিকদের বলেন, পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। সার্বভৌম রাষ্ট্র হিসেবে কোনো অপরাধের বিচার করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার না করতে পাকিস্তান কোনো প্রচার চালাচ্ছে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। এটা মিডিয়ার সৃষ্টি।’আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, পাকিস্তান তার অবস্থান পরিষ্কার করেছে। সে দেশ বিচারে হস্তক্ষেপ করবে না। এই বিচারের বিষয়ে সে দেশ কিছু বলবেও না।