মানবতার বিরুদ্ধে অপরাধের সংজ্ঞা দ্রুত ঠিক করা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব মানবতার বিরুদ্ধে অপরাধের সংজ্ঞা নিরূপণ করা জরুরি। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে পরিচালিত এ বিচারকাজ এমনভাবে হওয়া উচিত, যা স্বচ্ছ হয় এবং সবার জন্য উন্মুক্ত থাকে।যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপ গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন হয়।সিয়েরা লিওন ও রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকারী র‌্যাপ গত রোববার তিন দিনের সফরে ঢাকায় আসেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আলোচনার পাশাপাশি বিচার-প্রক্রিয়া দেখেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ এবং অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীর সঙ্গেও কথা বলেন। চলতি বছর এটি র‌্যাপের তৃতীয় ঢাকা সফর।স্টিফেন র‌্যাপ লিখিত বক্তব্যে বলেন, এ বিচার-প্রক্রিয়ায় মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া উচিত। আবার যাঁরা নির্দোষ, এ প্রক্রিয়ায় তাঁদের নিরপরাধ প্রমাণিত হওয়া উচিত এবং তাঁদের মুক্তি দেওয়া উচিত। মানবতার বিরুদ্ধে অপরাধের সংজ্ঞার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আন্তর্জাতিক আদালতের সংবিধি ও বিভিন্ন মামলার মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এটি এখনো সংজ্ঞায় ফেলা হয়নি। প্রথম মামলার অভিযোগ গঠন প্রক্রিয়ায় বিচারকেরা বলেছিলেন, তাঁরা বাংলাদেশের আইন অনুযায়ী এই সংবিধি প্রয়োগ করবেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে দিকনির্দেশনা খোঁজার চেষ্টা করবেন। তবে অভিযুক্ত হত্যা ও ধর্ষণগুলো কি একটি নাগরিক গোষ্ঠীর বিস্তৃত ও প্রক্রিয়াগত আক্রমণের অংশ হিসেবে করা হয়েছিল, নাকি সেগুলো কোনো বর্ণবাদ, ধর্মীয় কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের কারণে করা হয়েছিল, নাকি আবার অভিযুক্ত আসামিদের এই বিশাল আক্রমণ সম্বন্ধে কোনো তথ্য বা জ্ঞান থাকার প্রয়োজন ছিল, এগুলোর মধ্যে কোন বিষয়টি বিচার-প্রক্রিয়ায় প্রমাণ করতে হবে, তাও পরিষ্কার নয়।র‌্যাপ বলেন, ‘বিচার-প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মার্চ মাসে আমি এই বিচারকাজের ধারাসমূহের সংশোধনীর জন্য কিছু প্রস্তাব রেখেছিলাম। প্রস্তাবগুলোর কিছু জুন মাসে গৃহীত সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আমি দুঃখের সঙ্গে বলতে চাই, এসব প্রস্তাবের অনেকগুলোই এখনো গ্রহণ করা হয়নি।’যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন এই দূত বলেন, প্রথম বিচার-প্রক্রিয়ায় সাক্ষীদের নামের তালিকা ইতিমধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। বিবাদীকেও ৭ ডিসেম্বরের মধ্যে সাক্ষীদের একটি তালিকা অবশ্যই জমা দিতে হবে। সাক্ষীর নিরাপত্তাব্যবস্থায় গৃহীত পদক্ষেপগুলো এমনভাবে কার্যকর করতে হবে, যাতে যাঁরা এগিয়ে এসে সত্য কথা বলতে চান, তাঁরা যেন কোনো হুমকি ও ভয়-ভীতির শিকার না হন।বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে র‌্যাপ বিচার সম্পর্কে সবাইকে জানানোর ওপর জোর দেন। এ ক্ষেত্রে তাঁর মত, বিচার-প্রক্রিয়ার অধিবেশনগুলো টেলিভিশন কিংবা রেডিওতে সরাসরি সম্প্রচার করা হলে ভালো হতো।