মানবপাচার আইন থেকে অভিবাসন বিষয়টি বাতিলের দাবি বায়রার
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১ থেকে অভিবাসন বিষয়টি বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনটি মনে করে, এতে জনশক্তি রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আজ শনিবার বেলা আড়াইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বায়রার সভাপতি আবুল বাশার। এ সময় বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘আমরা মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১-এ অভিবাসনের বিষয়টি বাতিলের জন্য আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। প্রধানমন্ত্রীকে আমরা এটা বোঝানোর চেষ্টা করব। দাবি না মানলে আমরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হব।’গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এই আইনের ৩ এর (২) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে বা ভূখণ্ডের বাইরে প্রতারণার মাধ্যমে অসত্ উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তিকে আইনি পন্থায় বা অন্যভাবে কাজের বা চাকরির উদ্দেশ্যে গমন, অভিবাসন বা বহির্গমন করতে প্রলুব্ধ বা সহায়তা করেন—এটা জানা সত্ত্বেও যে অপর ব্যক্তি আসলে বাধ্যতামূলক শ্রম বা সার্ভিচিউডের অনুরূপ শোষণমূলক শ্রম পরিস্থিতিতে অথবা এই ধারায় বর্ণিত কোনোপ্রকার শোষণমূলক পরিস্থিতিতে নিপতিত হইবে তাহা হইলে ওই ব্যক্তির ওই কাজ উপধারা (১)-এর সংজ্ঞায়িত মানবপাচার হিসেবে অন্তর্ভুক্ত হবে।’বায়রার পক্ষ থেকে এই ধারাটির ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে।