মানবপাচার প্রতিরোধ আইনের খসড়া অনুমোদন, মৃত্যুদণ্ডের বিধান
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।এ ছাড়া আজকের বৈঠকে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন-২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। দেয়ালে পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন-২০১১-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রেসসচিব বলেন, মানবপাচার বাংলাদেশের একক সমস্যা নয়। এটা আন্তর্জাতিক সমস্যা। এত দিন সুনির্দিষ্ট কোনো আইন ছিল না। সে কারণে মানবপাচার অপরাধের সংজ্ঞা নির্ধারণ ও শাস্তির বিধান রাখা হয়েছে এ আইনে।আবুল কালাম আজাদ বলেন, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক জাতীয় পদার্থ রাখা এবং সন্ত্রাস দমন করার জন্য সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন-২০১১ প্রণয়ন করা হচ্ছে।বৈঠকে ব্যক্তিগত মালিকানায় বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরগুলোয় শুল্কমুক্ত বিপণি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া দেয়ালে পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন-২০১১ খসড়া চূড়ান্ত অনুমোদন করে বলা হয়েছে, যত্রতত্র পোস্টার লাগানো যাবে না। এ জন্য যথাযথ কর্তৃপক্ষকে ফি দিতে হবে।