মানবপাচার বন্ধে সরকার বদ্ধ পরিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবপাচার বন্ধে সরকার বদ্ধ পরিকর। এটি বন্ধ করতে সরকার আইন করেছে। অভিবাসনের নামে কেউ যাতে বিদেশে পাচার না হয়, সেই ফাঁকফোকর বন্ধ করতে এই আইন। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে মানবপাচার প্রতিরোধে আইন ও জাতীয় পরিকল্পনা ২০১২-১৪ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে ইউএসএআইডি ও উইন রক নামের একটি প্রতিষ্ঠান। বক্তরা বলেন, অভিবাসন প্রক্রিয়ার মধ্যে যেসব দুর্বলতা আছে, এসব দূর করতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নারী ও শিশুসহ বাংলাদেশ থেকে সব ধরনের মানবপাচার বন্ধ করার কথা বলেছেন। তিনি বলেন, মানবপাচার একটি জঘন্য অপরাধ। নারীদের পাচার করে যৌনকর্মী হিসেবে কাজ করাতে বাধ্য করছে। বিদেশে গিয়ে তাদের দাসত্ব বরণ করতে হচ্ছে, এমনকি অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। পাচার যেন বন্ধ হয়ে যায়, এ জন্য সরকার মানবপাচার আইন করেছে। তবে শুধু আইন করলেই হবে না, আইন বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভারতের জনসংখ্যা ১১৭ কোটি। তারা বছরে ছয় লাখের মতো লোক বিদেশে পাঠাচ্ছে। আমাদের দেশের জনসংখ্যা ১৬ কোটি। আমরাও ছয় লাখের মতো লোক বিদেশে পাঠাচ্ছি। তবে বাংলাদেশ থেকে যারা বিদেশে যায়, তাদের একটি বড় অংশ দালালদের মাধ্যমে বিদেশে যায় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দালালদের নিয়ন্ত্রণ করা না গেলে অভিবাসন ব্যয় কমবে না। এটি না কমলে একজন শ্রমিক খরচের টাকা তুলতে গিয়ে দীর্ঘদিন বিদেশে থেকে অবৈধ হয়ে পড়বে। মন্ত্রী জানান, এই সমস্যার সমাধান করতে যারা বিদেশে যেতে চায়, সরকার তাদের নাম নিবন্ধন শুরু করেছে। এখন থেকে কেউ যাতে নিবন্ধন ছাড়া বিদেশে যেতে না পারে, অভিবাসনের নামে কেউ যেন বিদেশে পাচার না হয়, এই ফাঁকফোকর বন্ধ করতে আইন করা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘পাচার বন্ধের জন্য জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক যত আইন আছে, বাংলাদেশ এসব আইনের অংশীদার। আমরা এসব আইন বাস্তবায়নে বদ্ধ পরিকর। অভিবাসন প্রক্রিয়ার মধ্যে যেসব দুর্বলতা আছে, সেগুলো সমন্বিতভাবে দূর করার জন্য কাজ করছি।’ দূতাবাসগুলো যেন আরও বেশি সেবা দিতে পারে, এ জন্য সেগুলোকে শক্তিশালী করার কাজ করা হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, যারা পাচার হয়, তাদের দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে হবে। তাদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, বাংলাদেশ মানবপাচার বন্ধে সমন্বিতভাবে কাজ করছে। এটি শক্তির বিষয়। আমরা চাই, বাংলাদেশ থেকে পাচার পুরোপুরি বন্ধ হয়ে যাক। এ জন্য যে ধরনের সহযোগিতা দরকার যুক্তরাষ্ট্র তা দেবে বলে তিনি জানান।শুরুতেই মানবপাচারের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।