মানবপাচার রোধে নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবপাচার রোধে দেশে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। নতুন এ আইন নিরাপদ ও বৈধ অভিবাসন বাধাগ্রস্ত করবে না বলেও তিনি মন্তব্য করেন।আজ সোমবার রাজধানীর একটি হোটেলে মানবপাচার প্রতিরোধ আইন-২০১১-এর খসড়া নিয়ে এক পরামর্শ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত এই জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান আইনগুলোতে মানবপাচার প্রতিরোধ ও শাস্তির কিছু বিক্ষিপ্ত বিধান থাকলেও পাচার রোধে তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই নতুন আইন তৈরি করছে সরকার। তিনি বলেন, মানবপাচার বিশ্বব্যাপী একটি সামাজিক সমস্যা। এর ফলে মানুষের মানবাধিকার ভূলুণ্ঠিত হয়। গত কয়েক দশকে পুরুষের পাশাপাশি মহিলা অভিবাসীর সংখ্যাও বেড়েছে। ফলে নারী ও শিশু পাচারের ঘটনা বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান শিকদার বলেন, মানবপাচারের মতো জঘন্য অপরাধের জন্য দেশে এখনো কোনো সুনির্দিষ্ট আইন তৈরি হয়নি। এ অপরাধ প্রতিরোধ এবং পাচারকারীদের শাস্তির আওতায় আনতে আইনটি করা হচ্ছে। এতে মানবপাচার কমে আসবে বলে তিনি মনে করেন। সভায় অন্যান্যের মধ্যে আইন কমিশনের চেয়ারম্যান মো. শাহ আলম, আইওএমের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি রাবাব ফাতিমা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।