মানবপাচারের অভিযোগে ৩০ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবপাচারের অভিযোগে গত তিন বছরে ৩০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ তথ্য জানান।এর আগে বেলা সোয়া তিনটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, মানবপাচারের অভিযোগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ৩০টি এজেন্সির হজ লাইসেন্স বাতিল করাসহ বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং ইমিগ্রেশন অ্যাক্ট-১৯৮৩ ও মানবপাচার আইনে এজেন্সির সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ ও হজ এজেন্সির সংখ্যা যথাক্রমে ২২৯ ও এক হাজার ১৫৩টি। ২০১০ সালে ৭০টি ট্রাভেল এজেন্সিকে ওমরাহ এবং ৭০টি ট্রাভেল এজেন্সিকে হজ লাইসেন্স দেওয়া হয়। ২০১২ ও ২০১৩ সালে ৮৫টি ওমরাহ ও ৮৩১টি হজ লাইসেন্স দেওয়া হয়।মো. শাহ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১২ সালে হজ কার্যক্রমে অনিয়মের অভিযোগে সৌদি ও বাংলাদেশ সরকার ৯৫টি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে। ২০১২ সালে ৩৫০টি এজেন্সি হজ কার্যক্রমে অংশ নেয়।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, বর্তমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ১৭ কোটি ২৪ লাখ। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ। তবে বাংলাদেশের ফার্টিলিটি হার হ্রাসের ফলে জনসংখ্যা বৃদ্ধির হারও হ্রাস পাচ্ছে। নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় সাত হাজার চিকিত্সকের পদ শূন্য আছে। উচ্চশিক্ষা, লিয়েন ও প্রেষণে থাকার কারণে এ সংখ্যা আরও বাড়ছে বলেও মন্ত্রী জানান।