মানবপাচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
মন্ত্রিসভায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১১-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এ আইনে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান।মন্ত্রিসভায় ২০১২ সালে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার খসড়া অনুমোদন হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন ২০১১-এর খসড়া চূড়ান্ত হয়েছে। স্কুল-কলেজে পড়া ছেলেমেয়েদের বৃত্তি দেওয়ার জন্য এ আইনটির অনুমোদন করা হয়। গত বছর পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) এ কে খন্দকারের নেতৃত্বে ১৪ সদস্যের কমিটি হয়েছিল। এই কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আইনের খসড়া প্রণয়ন হলো।এ ছাড়া মন্ত্রিসভায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন দেশের বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেওয়ার তালিকা অনুমোদন করা হয়েছে। তালিকায় ১২৪ জনের নাম রয়েছে।