মানবপ্রাচীরে যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট আজ মঙ্গলবার রাজধানীতে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে। দেশের ৬৪টি জেলা শহরেও এ কর্মসূচি পালিত হয়।ঢাকায় মহাখালীর উড়ালসড়কের নিচ থেকে শুরু করে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা পর্যন্ত রাস্তায় মানবপ্রাচীর তৈরি করেন কয়েক হাজার নেতা-কর্মী। মানবপ্রাচীরের কারণে যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।মহাখালীর উড়ালসড়ক থেকে শুরু হয়ে মহাখালী বাসস্ট্যান্ড, সাতরাস্তার মোড়, মগবাজার মোড় হয়ে রমনা থানার সামনে দিয়ে কাকরাইল মোড়-মত্স্য ভবন-শিক্ষাভবন-সরকারি কর্মচারী হাসপাতাল-গুলিস্তান মাজার-ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড-বংশাল-মালিটোলা-ধোলাইখাল চৌরাস্তা ও জেলা প্রশাসকের কার্যালয় হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকায় গিয়ে শেষ হয় মানবপ্রাচীর। তবে এই মানবপ্রাচীরের কোথাও কোথাও ফাঁকা ছিল।মানবপ্রাচীর কর্মসূচি উপলক্ষে সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা জড়ো হয়ে রাস্তায় দাঁড়াতে শুরু করেন। বিএনপি ও দলের বিভিন্ন সহযোগী সংগঠন ছাড়াও ১৮ দলের শরিক দলগুলোর নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। গতকাল ১৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল ফুটপাতে দাঁড়িয়ে নেতা-কর্মীরা মানবপ্রাচীর তৈরি করবেন, কিন্তু আসলে তা হয়নি। কোনো কোনো জায়গায় নেতা-কর্মীরা ফুটপাতে দাঁড়ালেও বেশির ভাগ জায়গায় নেতা-কর্মীরা দাঁড়িয়েছিলেন একপাশের সড়কের মাঝখানে। এতে সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় যানজট। দুর্ভোগে পড়েন যাত্রীরা।বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা ছিল। তবে তা চলে প্রায় দুইটা পর্যন্ত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানিতে অংশ নিতে যান। খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগ পর্যন্ত নেতা-কর্মীরা সড়কে দাঁড়িয়ে ছিলেন।আদালতে যাওয়ার পথে বেলা পৌনে একটার দিকে গাড়িতে করে মহাখালী এলাকায় পৌঁছান খালেদা জিয়া। তাঁর গাড়িবহর মহাখালী অতিক্রম করতে শুরু করলে পেছন থেকে মানবপ্রাচীর ভেঙে নেতা-কর্মীরা সরে যেতে থাকেন।এর আগে সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে নেতা-কর্মীরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়া, বিরোধী দলের নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। এ ছাড়া ‘খুন, গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদ’ জানিয়ে বিভিন্ন ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ান নেতা-কর্মীরা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ মহাখালী এলাকায়, খন্দকার মোশাররফ হোসেন সাতরাস্তা মোড়ে, এম কে আনোয়ার মগবাজার চৌরাস্তা মোড়ে, মির্জা আব্বাস মত্স্য ভবনের সামনে, মওদুদ আহমদ হাইকোর্টের সামনে ও গয়েশ্বর চন্দ্র রায় পুরান ঢাকা এলাকায় মানবপ্রাচীর কর্মসূচিতে নেতৃত্ব দেন।