মানবপ্রাচীরে সরকারের প্রতি অনাস্থা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার বিএনপির মানবপ্রাচীর কর্মসূচিতে সাগরের ঢেউয়ের মতো মানুষ অংশ নিয়ে সরকারের প্রতি গণ-অনাস্থা জানাবে বলে আশা করছে বিএনপি।আগামীকালের কর্মসূচি উপলক্ষে আজ সোমবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম জানান, ঢাকাসহ সারা দেশের জেলা শহরে কর্মসূচি পালন করা হবে। তিনি এ কর্মসূচিতে সরকারের সহযোগিতা কামনা করেন। রাজধানীতে মহাখালী থেকে কোর্ট কাচারি এলাকা পর্যন্ত ফুটপাতে এ মানবপ্রাচীর তৈরি করা হবে। তরিকুল আরও বলেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল ধ্বংসাত্মক কর্মসূচি না দিয়ে নিরীহ কর্মসূচি দিচ্ছে। লাখো মানুষ এ কর্মসূচিতে সম্পৃক্ত হচ্ছে। তার পরও স্বৈরাচারী মানসিকতা থেকে সরকার বেরিয়ে আসছে না। বিএনপির সমন্বয়ক আরও বলেন, সারা দেশে গণজাগরণ তৈরি হবে। দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের খায়েশ কখনো পূরণ হবে না। পূরণ হতে দেওয়া হবে না। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার সমালোচনা করে তরিকুল বলেন, ‘ছাত্রলীগ মূর্তিমান আতঙ্ক। এদের দেখলে শয়তানও ভয় পায়।’