মানববন্ধনে বলপ্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ডেকে সমালোচিত বিএনপি এবার মানববন্ধন ডেকে তা করতে পারেনি। শান্তিপূর্ণ এই কর্মসূচি পালনই করতে দেয়নি পুলিশ। ঢাকাসহ সারা দেশেই রাজনৈতিক এই কর্মসূচির প্রতি পুলিশের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। বেশির ভাগ এলাকায় পুলিশ কর্মসূচি পালন করতে আসা নেতা-কর্মীদের তাড়িয়ে দিয়েছে। অনেক এলাকায় পুলিশ নিজেরাই এমনভাবে মানববন্ধনের জায়গায় লাইন ধরে দাঁড়িয়ে ছিল যে দেখে মনে হবে, পুলিশই মানববন্ধন করছে। গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ১৭টি স্থানে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করতে সড়কের পাশে দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের হটিয়ে দেয়। কয়েকটি স্থানে মৃদু লাঠিপেটাও করা হয়। তবে কর্মসূচিতে বিএনপির বেশির ভাগ কেন্দ্রীয় নেতাই ছিলেন অনুপস্থিত।বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই মানববন্ধন ডাকা হয়েছে গত ২৭ জুন হরতালের দিনে কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে। আর জামায়াতে ইসলামী তাদের তিন নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তির দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি পালনের কথা বললেও তারা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মিশে যায়। কর্মসূচিতে চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কয়েকজন নেতাকেও দেখা গেছে।কর্মসূচিতে পুলিশি বাধার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে কর্মসূচি দেওয়া হলে সরকার তা প্রতিহত করবে। গতকালের মানববন্ধন কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে—এমন তথ্যের ভিত্তিতেই পুলিশ বাধা দিয়েছে।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেছেন, সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। এর পরিণতি ভালো হবে না।গতকাল সকাল সাড়ে ১০টা থেকেই বিএনপির নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হন। কিন্তু পুলিশ তাঁদের দাঁড়াতে দেয়নি। হাইকোর্টের সামনে প্রথম দফায় বিএনপির একটি দলকে সরিয়ে দেওয়া হলেও পরে কিছুসংখ্যক আইনজীবী পুলিশি ব্যারিকেডের মধ্যে সেখানে মানববন্ধন করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে না পারায় গেটের সামনে অবস্থান নেন বিএনপির নেতারা।ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, যশোরসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ও ভোলায় পুলিশ লাঠিপেটা করে। সারা দেশে শতাধিক কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।পুলিশের ভূমিকার বিষয়ে জানতে চাইলে সাবেক মহাপরিদর্শক (আইজি) নুরুল হুদা প্রথম আলোকে বলেন, মানববন্ধন করা গণতান্ত্রিক অধিকার। যুক্তিসংগত কোনো কারণ ছাড়া এ ধরনের কর্মসূচিতে বাধা না দেওয়াই ভালো। মানুষ তার মত কোনো না কোনোভাবে প্রকাশ করবেই। তবে যদি সহিংসতার আশঙ্কা থাকে, সে ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার পুলিশের রয়েছে।সূত্র জানায়, মানববন্ধন উপলক্ষে গত মঙ্গলবার মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত পদস্থ কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা পেয়েই এ সিদ্ধান্ত হয়েছে।দৈনিক বাংলা ও পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব: দৈনিক বাংলা ও পল্টন মোড়ে বিএনপির নেতা-কর্মীদের দেখা যায়নি। প্রেসক্লাবের সামনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃতে নেতা-কর্মীরা এলেও পুলিশ তাঁদের রাস্তার পাশে দাঁড়াতে দেয়নি। নির্ধারিত সময়ের আধঘণ্টা পরে এসে বিএনপির মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলে ১২টার পর স্থান ত্যাগ করেন।হাইকোর্ট ও শাহবাগ: হাইকোর্টের সামনে বিএনপি ও জামায়াতপন্থী কিছু আইনজীবী পুলিশি বাধার মধ্যেও মানববন্ধন করেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। শাহবাগে ছাত্রদল অল্প সময়ের জন্য মানববন্ধন করেছে।কারওয়ান বাজার: ‘মিডিয়াপল্লি’ কারওয়ান বাজারেও পুলিশ মানববন্ধন করতে দেয়নি। সেখানে নেতা-কর্মীদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।মিরপুর টেকনিক্যাল মোড় ও পল্লবী বাসস্ট্যান্ড এলাকা: বেলা পৌনে ১১টার দিকে টেকনিক্যাল মোড়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন করতে সমবেত হন। এর আগেই পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে মানববন্ধন না করার জন্য অনুরোধ করেন। ঢাকা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড ও পল্লবী থানা বিএনপির সভাপতি আলী ইমাম এ সময় পুলিশকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। কোনো রকমের বিশৃঙ্খলা করব না।’ একপর্যায়ে ওসি মালেক তাঁকে বলেন, ‘রাস্তার ওই পাশে করলে আমার সমস্য হতো না। এটা আমার থানা এলাকা তো। আমাকে কেন সমস্যায় ফেলবেন?’শেষমেশ বেলা ১১টার দিকে ব্যানার নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধনে দাঁড়ান। কিন্তু পুলিশ ব্যানার কেড়ে নিয়ে তাড়া দিলে নেতা-কর্মীরা আশপাশের গলিতে ঢুকে পড়েন। রফিকুল ইসলাম মিয়া একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ান। পুলিশ তাঁকে চলে যাওয়ার অনুরোধ করে।রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ডিসি আমাকে বলেছিলেন, এখানে দাঁড়ানোর অনুমতি নেই। কাজেই আপনারা রাস্তা বন্ধ করতে পারবেন না। আমি বলেছি, রাস্তা বন্ধ হবে না। মানববন্ধন একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি। গণতান্ত্রিক রাজনীতি করতে না পারলে আন্ডারগ্রাউন্ড (গোপন) রাজনীতিতে জড়াবে মানুষ।’ এরপর পুলিশ তাঁকে পাহারা দিয়ে রাস্তার অপর পাশে দাঁড়ানো গাড়িতে তুলে দেয়।বেলা সোয়া ১১টার দিকে পল্লবী বাসস্ট্যান্ড মোড়ে বিএনপির অবস্থানেও একই ঘটনা ঘটে। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হামিদুল্লাহ্ খান। তাঁকে তাঁর গাড়িতে করে এলাকা ছাড়তে বাধ্য করে পুলিশ।কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে দারুস সালাম থানার ওসি আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘ওরা বেশি আসেনি, দু-একজন এসেছিল। ফোর্স দেখে চলে গেছে।’যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলী ও মতিঝিল: সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক দিয়ে বিএনপির কয়েক শ নেতা-কর্মী মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করলে পুলিশ গলিপথেই তাঁদের আটকে দেয়। এর পরও বিএনপির কর্মীরা সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। সেখানে নেতা-কর্মীরা একটি হিউম্যান হলারের কাচ ভাঙে। এরপর শতাধিক র‌্যাব-পুলিশ পুরো এলাকায় টহল শুরু করলে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। যাত্রাবাড়ী এলাকায় দুপুরের পরও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল।বেলা ১১টার দিকে টিকাটুলী এলাকায় কিছু লোক জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের একজন সদস্য জানান, ওপরের নির্দেশ আছে, কাউকে রাস্তায় জমায়েত হতে দেওয়া যাবে না।সাত স্থানে জামায়াত: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম প্রথম আলোকে জানিয়েছেন, শ্যামলী, কল্যাণপুর, পল্লবী, আসাদগেট, প্রেসক্লাব, মতিঝিল ও যাত্রাবাড়ী এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে জামায়াতের কর্মীরাও মানববন্ধনে অংশ নেন। কোথাও কোথাও আলাদা ব্যানার নিয়ে, কোথাও ব্যানার না নিয়েই তাঁরা কর্মসূচি পালন করেন।