মানববন্ধনে হাতাহাতি আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় আইনজীবীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের সময় গতকাল শনিবার বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। দলীয় শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে বিশৃঙ্খলার মধ্য দিয়েই জাতীয় প্রেসক্লাবের সামনের ওই মানববন্ধন শেষ হয়।বেলা পৌনে ১১টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা দুটি ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া ও মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে একটি পক্ষ শুরু থেকেই মাইকে বক্তব্য দিতে থাকে। এ পক্ষে খন্দকার মোশাররফ হোসেন ও নিতাই রায় চৌধুরী বক্তব্য দেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি সানাউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে আরেকটি পক্ষ ব্যানার নিয়ে মানববন্ধনের বাঁ পাশে অবস্থান নেয়।২০ গজের ব্যবধানে দুই পক্ষই আলাদা মাইকে বক্তব্য দিতে থাকে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তাঁরা দুই পক্ষকেই ভর্ৎসনা করেন এবং মানববন্ধনে যোগ না দিয়ে প্রেসক্লাবের ভেতরে চলে যান। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এ পর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনও ঘটনাস্থলে আসেন।জানা গেছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার শাখা কমিটির অনুমোদন না দেওয়ায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনজীবী সানাউল্লাহ মিয়াকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়। কিন্তু কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এখন পর্যন্ত এর অনুমোদন দেয়নি। মূলত এ কারণে সানাউল্লাহ মিয়া ও খোরশেদ আলম মানববন্ধনে পৃথক ব্যানার নিয়ে হাজির হন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছেন যথাক্রমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। কেন্দ্রীয় এই নেতারা ঢাকা বার শাখার অপর পক্ষ মহসিন মিয়া ও ইকবাল হোসেনের পক্ষের বলে মনে করা হয়।বিরোধ নিষ্পত্তির জন্য মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, মাহবুবউদ্দিন খোকন, নিতাই রায়সহ অন্য শীর্ষস্থানীয় নেতারা জাতীয় প্রেসক্লাবের সভাপতির কক্ষে সংক্ষিপ্ত সভা করেন। সভা শেষে নেতা-কর্মীবেষ্টিত অবস্থায় মির্জা ফখরুল জানান, তিনি কেন্দ্রীয় কমিটির ব্যানারে দাঁড়াবেন।এরপর শীর্ষস্থানীয় নেতারা কেন্দ্রীয় কমিটির ব্যানার সামনে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।মানববন্ধনে মওদুদ আহমদ বলেন, সরকার আইনজীবীদের গ্রেপ্তার করে আদালতকে কলুষিত করেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, যেভাবে বিএনপিপন্থী আইনজীবীদের গ্রেপ্তার করা হয়েছে, তা নজিরবিহীন ও নিন্দনীয়। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার জনপ্রিয়তা হারিয়ে দিশেহারা। তাই হাইকোর্ট ঘেরাও করে আইনজীবীদের গ্রেপ্তার করে নজির স্থাপন করেছে।