মানবসম্পদ বিভাগের অনেক দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৭ জানুয়ারি এসেছিলেন মানবসম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ এইচআর বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ—আইইউবির ক্যারিয়ার গাইডেন্স এবং প্লেসমেন্ট কনসালট্যান্ট (পরামর্শদাতা) মিজানুর রহমান। কথা বলেছেন কথাবন্ধু ব্রতির সঙ্গে। মানবসম্পদ ব্যবস্থাপনা এবং এ পেশার নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন বেসরকারি একটি গণমাধ্যমে কর্মরত এইচআর এক্সিকিউটিভ এস এম রুম্মান ওয়াহিদ।কথাবন্ধু: পেশা নির্ধারণ করার ক্ষেত্রে প্রস্তুতিটা কখন থেকে শুরু করতে হয়? মিজানুর রহমান: অনেককেই নির্ধারিত বিষয়ে পড়াশোনা করেও পরবর্তী সময়ে ভিন্ন কোথাও পেশা গড়তে হয়। কেউ তো স্বেচ্ছায় নিজের চাওয়া থেকে অন্য জায়গায় সরে যেতে চায় না। উপায় না পেয়েই হয়তো অন্য কোথাও যাচ্ছে। এ জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় কাজ করলে স্বস্তি ও আনন্দ পাবেন। আপনি যা করে আপনি স্বস্তি ও আনন্দ বোধ করেন এবং যা করতে আপনি অধীর আগ্রহে থাকেন—সে রকম একটা কিছু করুন। কথাবন্ধু: মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে যাঁরা পড়তে বা কাজ করতে আগ্রহী, তাঁদের কি কোনো নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন? মিজানুর রহমান: যোগ্যতা অবশ্যই দরকার। কিন্তু নির্দিষ্ট কোনো যোগ্যতার দরকার নেই। এ জন্য স্নাতক পাস হলে ভালো। আর যদি ম্যানেজমেন্ট থাকে, তবে আরও ভালো। সাফল্য পেতে হলে মানুষকে নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। কথাবন্ধু: যাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন বা করবেন, তাঁদের ভালো সিজিপিএ বেশি জরুরি, নাকি কাজ করার ক্ষমতা?মিজানুর রহমান: কাউকে নিয়োগ দেওয়ার পরই কিন্তু কাজ করার ক্ষমতা সম্পর্কে জানা যাবে। এ জন্য নিয়োগের আগে আপনার ভালো সিজিপিএ প্রয়োজন। কারণ আপনি এত দিন যে পড়াশোনা করেছেন সিজিপিএতে, তারই প্রমাণ থাকে। কাজ করার ক্ষমতা ও দক্ষতা দিয়ে আপনার কাজের মূল্যায়ন হয়। তাই ভালো সিজিপিএ নিয়ে এসে কাজ ভালো না করলে প্রতিষ্ঠানও আপনাকে মূল্যায়ন করবে না।শ্রোতাবন্ধু সোমা (খুদেবার্তা থেকে): ভালো চাকরি পেতে সিজিপিএ কেমন হওয়া উচিত?মিজানুর রহমান: এ ক্ষেত্রে সিজিপিএ ৪ থাকাই ভালো। ৩.৫ থাকলে আপনি নিরাপদে থাকবেন। তবে সিজিপিএ যেন ৩-এর নিচে না হয়, সেদিকে লক্ষ রাখা উচিত।রুম্মান ওয়াহিদ: যাঁরা এইচআর এক্সিকিউটিভ পদে আছেন, তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ রাখতে হবে?মিজানুর রহমান: ব্যবস্থাপনা হচ্ছে মূলত দুটি সম্পর্কের উন্নয়ন। কারণ, ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে প্রতিষ্ঠানের কর্মীদের চাহিদা, তাঁদের প্রয়োজন, কীভাবে তাঁদের আরও দক্ষ করে তোলা যায়—এগুলোর সমন্বয় করতে হয়। একজন কর্মীকে প্রতিষ্ঠানে ধরে রাখতে এবং তাঁর কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার কৌশল মানবসম্পদ বিভাগকে জানতে হবে। সবকিছু জেনেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে। পাশাপাশি অফিসের পরিবেশ ভালো রাখতে আপনাকে দুটি পক্ষের সম্পর্কের উন্নয়নে কাজ করতে হবে।রুম্মান ওয়াহিদ: বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে কোন বিষয়গুলোর ওপর লক্ষ রাখা উচিত বলে আপনি মনে করেন?মিজানুর রহমান: অবশ্যই প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের দিকটি দেখতে হবে। তবে কর্মীদের পদমর্যাদা অনুযায়ী ভালো বেতন কাঠামোও ঠিক করা উচিত। তা না হলে কর্মীরা মনঃক্ষুণ্ন হন, অন্যত্র চলে যান। এ ছাড়া অফিসের পরিবেশ ভালো রাখতে আপনাকে সচেতন হতে হবে। কারণ, কাজের পরিবেশ ভালো হলে কম বেতনেও অনেকে কাজ করতে আগ্রহ বোধ করেন।কথাবন্ধু: গণমাধ্যমে যাঁরা মানবসম্পদ বিভাগের দায়িত্বে আছেন, তাঁদের কোন বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে?মিজানুর রহমান: মানবসম্পদ বিভাগের দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। গণমাধ্যমে এখন কাজের ক্ষেত্র বেড়েছে। সে জন্য সুযোগ-সুবিধা দিয়ে দক্ষ কর্মীদের অনুপ্রাণিত করতে হবে, ধরে রাখতে হবে। তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে কর্মীর মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। তাঁদের নতুন নতুন কাজের সঙ্গে যুক্ত করতে হবে। এগুলো যদি না করেন, তাহলে আপনি ভালো কর্মী অনেক দিন ধরে রাখতে পারবেন, এটা মনে হয় এখন আর সম্ভব নয়। রুম্মান ওয়াহিদ: অফিসে কর্মীদের মধ্যে সম্পর্কোন্নয়ন কী ধরনের হওয়া উচিত বলে মনে করেন?মিজানুর রহমান: অফিসে কর্মীদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে প্রয়োজন দলগতভাবে এগিয়ে যাওয়া এবং কাজের সুযোগ সৃষ্টি করা। এতে একজনের প্রতি অন্যজনের আস্থা, ভালোবাসা, কাজের প্রতি সহযোগিতা বেড়ে যায়। এ ধরনের কাজের বন্দোবস্ত করতে হবে মানবসম্পদ বিভাগকে। এ ছাড়া বিভিন্ন কাউন্সিলিং, সেমিনারের ব্যবস্থা করতে পারেন।রুম্মান ওয়াহিদ: যাঁরা সদ্য স্নাতক করে চাকরি শুরু করেছেন, কিছুদিন পর ভালো বেতন পেয়ে তাঁরা আবার অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন। এ ব্যাপারটি আপনি কীভাবে দেখেন?মিজানুর রহমান: শুধু অর্থ দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য কর্মীদের অনুপ্রাণিত করতে হবে। তাঁদের শেখার সুযোগ করে দিতে হবে। অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তুলনা করে কর্মীদের ভালো বেতন দিয়ে মিলিয়ে থাকাটাই উচিত হবে। এখন বেতন দেখবেন নাকি কাজের ভালো পরিবেশ এবং কাজ শেখার জায়গাটি দেখবেন—এটি নির্ভর করে কর্মীর ওপর। কথাবন্ধু: যাঁরা মানবসম্পদ বিভাগে কাজ করছেন, তাঁদের প্রতি আপনার পরামর্শ কী?মিজানুর রহমান: অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এ জন্য কাজ শেখার আগ্রহ ও ধৈর্য থাকতে হবে। কারণ, আপনি যা পড়ে এসেছেন, কাজের ক্ষেত্রে দেখবেন একেবারে ভিন্ন। তখন পড়াশোনাকে কাজে লাগিয়েই নিজেকে দক্ষ করে তুলতে হবে।  গ্রন্থনা: সুদীপ দে