এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২০ ডিসেম্বর এসেছিলেন আমান গ্রুপ লিমিটেডের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. পারভেজ আহমেদ। কথা বলেছেন কথাবন্ধু মারিয়ার সঙ্গে। মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের নানা বিষয় এবং এ পেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: আপনি বর্তমানে আমান গ্রুপে উপমহাব্যবস্থাপক হিসেবে আছেন। এ পদের মূল কাজগুলো কী?পারভেজ আহমেদ: আমান গ্রুপের উপমহাব্যবস্থাপক হিসেবে অনেক কাজই আমাকে করতে হয়। তবে এর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্যতাসম্পন্ন লোকবল নিয়োগ করা। আমাকে প্রতিষ্ঠানের জন্য দক্ষ মেধা বাছাই করতে হয়। কারণ, দক্ষ কর্মীর ওপরই নির্ভর করে প্রতিষ্ঠানের সাফল্য। এরপর একজন কর্মী নিয়োগের পর তাঁকে প্রশিক্ষণ ও কাজ বুঝিয়ে দিয়ে তৈরি করতে হয়। নির্দিষ্ট সময় শেষে মূল্যায়নের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয়। প্রতিষ্ঠানের জন্য সব সময় শতভাগ দক্ষ ও ভালো কর্মী পাওয়া যায় না। এর মধ্যে যাঁরা ভালো কাজ করেছেন এবং কাজ বুঝে নিয়েছেন, সে রকম প্রায় ৮০ শতাংশ কর্মী পাওয়া যায়। কারণ, অনেক সময় দেখা যায়, আপনি একজন কর্মীর কাছ থেকে যা আশা করেছেন, তিনি সে রকম নন—এ রকম প্রায় ১৫ শতাংশ পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানের জন্য যিনি ভালো কাজ করবেন, তিনি অবশ্যই প্রশংসিত হবেন। প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু ভেবে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই লোকবল নিয়োগের কাজটি করতে হয়।কথাবন্ধু: বাংলাদেশে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পড়ার সুযোগ কেমন রয়েছে?পারভেজ আহমেদ: আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকেই বিবিএ এইচআরএম ও এমবিএ এইচআরএম করতে পারেন। এ ছাড়া আইপিএম থেকে বা পিজিডি, এইচআরএম থেকে বিআইএমএস ও বিআইএম করতে পারেন। আরও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আছে, যেখানে এ বিষয়ে বেশ কিছু কোর্স করার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রথম আলো জবস বা বিডিজবসসহ কিছু প্রতিষ্ঠান আছে, যেখানে এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সাধারণভাবে স্নাতক বা এইচএসসির পর বিবিএ করে যে কেউ এইচআরএম কোর্সটি করতে পারেন। এ মুহূর্তে মানবসম্পদ উন্নয়ন বিভাগে ব্যাপক চাহিদা রয়েছে এবং এ বিভাগ বর্তমানে তরুণদের কাছে বেশি জনপ্রিয়। তাঁরা মানবসম্পদ বিভাগে নিজের পেশা গড়তে চান। এ ছাড়া বর্তমানে প্রতিষ্ঠানগুলো মানবসম্পদের ওপর গুরুত্ব দিচ্ছে।কথাবন্ধু: অন্য বিষয়ে স্নাতক করার পর যদি কেউ মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর কোনো পেশাগত ডিগ্রি নেয়, তাহলে কতটুকু সাফল্য পাওয়া যাবে?পারভেজ আহমেদ: এ পেশায় সাফল্য পেতে হলে অবশ্যই এইচআরএম কোর্সটি করা উচিত। তাই অনেকেই এখন এমবিএ এইচআরএম কোর্স করছেন। মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগটি কীভাবে কাজ করবে, প্রতিটি প্রতিষ্ঠানের কর্মীকেই তা জানা উচিত। প্রতিষ্ঠানের সফটওয়্যার হচ্ছে মানবসম্পদ ব্যবস্থাপনা। সবাই একসঙ্গে কাজ করলেই মানবসম্পদের গুরুত্ব বোঝা যায়।কথাবন্ধু: পিজিডিএইচআরএম একটি পেশাগত ডিগ্রি—এ বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশে কিছু বলুন।পারভেজ আহমেদ: এমবিএ এইচআরএম ও বিবিএ এইচআরএম অনেক ব্যয়বহুল কোর্স। তাই অনেকেই অর্থের অভাবে কোর্সটি করতে পারেন না। সেদিক থেকে পিজিডিএইচআরএম একটি পেশাগত ডিগ্রি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর এটি এক বছরের ডিপ্লোমা। স্নাতক পাস করে কেউ যদি পিজিডিএইচআরএম ডিগ্রি নেন, তাহলে এতে তিনি বেশি উপকৃত হবেন। তাই যে কেউ কোর্সটি করে সহজে এ পেশায় আসতে পারেন।কথাবন্ধু: অনেকেই ধারণা করেন মানবসম্পদ ব্যবস্থাপনা কাজটি কঠিন। একই সঙ্গে প্রতিষ্ঠান ও কর্মীদেরও সন্তুষ্ট রাখতে হয়—এ ধারণার সঙ্গে কি আপনি একমত?পারভেজ আহমেদ: অনেকেই এমন ধারণা করেন। তবে যিনি প্রতিষ্ঠানের জন্য লোকবল নিয়োগ দেন, তখন তাঁর সামনে অনেক চ্যালেঞ্জ থাকে, এটা সত্যি। সে ক্ষেত্রে প্রায় ২০০ সিভি বা জীবনবৃত্তান্ত থেকে ১০টি নির্বাচন করা খুব কঠিন। এ জন্য একটি ইন্টারভিউ বোর্ড গঠন করতে হয়। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে সেখান থেকে একজনকে নির্বাচন করাটা খুবই কঠিন কাজ। সে ক্ষেত্রে আমাকে নীতিবোধের ভেতরে থেকে প্রতিষ্ঠানের জন্য সেরা কাজটা করতে হয়।কথাবন্ধু: একজন শিক্ষার্থী কীভাবে চাকরির জন্য নিজেকে তৈরি করবেন এবং জীবনবৃত্তান্তে কোন বিষয়গুলো চাকরিদাতাকে আকৃষ্ট করে?পারভেজ আহমেদ: আমাদের দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে একজন শিক্ষার্থী চিন্তা করেন, এখন তাঁকে কী করতে হবে। তাই এর জন্য আগে থেকেই চ্যালেঞ্জ নেওয়া উচিত। সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি কোথায় পেশা গড়বেন। লোকবল নিয়োগের ক্ষেত্রে শুরুতেই যা দেখা হয়, তা হচ্ছে—চাকরি করার ক্ষেত্রে তাঁর আত্মবিশ্বাস কতটুকু। তিনি প্রতিষ্ঠানের জন্য কতটা আন্তরিক। এ ছাড়াও তাঁর উপস্থিত বুদ্ধি এবং তিনি কতটা সম্ভাবনাময়—তা-ও দেখা হয়।কথাবন্ধু: মেয়েদের ক্ষেত্রে এই পেশায় কোনো বাধা বা সুবিধা আছে কি না?পারভেজ আহমেদ: মেয়েরা অনেকেই এ পেশায় আসছেন। কারণ, এটি অফিসকেন্দ্রিক চাকরি বলে নিরাপত্তা বেশি থাকায় তাঁরা এ কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ছেলেরাও এ পেশায় সমানভাবেই এগিয়ে যাচ্ছেন।কথাবন্ধু: নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে?পারভেজ আহমেদ: যাঁরা এখন চাকরি করছেন, তাঁদের বলব, প্রতিষ্ঠানকে ভালোবেসে সততার সঙ্গে কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে—আপনি অবশ্যই ওপরে উঠতে পারবেন। নতুনদের বলব, ইন্টারভিউ বোর্ডে চোখে পড়ার মতো সাক্ষাৎকার দিতে হবে। দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। নিজেকে তৈরি করুন এবং প্রতিষ্ঠানকে ভালোবেসে কাজ শুরু করুন।গ্রন্থনা—সুদীপ দে