মানবসম্পদের ব্যবসায় মানবতাবোধ থাকা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবসম্পদের ব্যবসায় মানবতাবোধ থাকা একান্ত জরুরি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে গেলে তিনি এই মন্তব্য করেন। বায়রার সভাপতি শাহজালাল মজুমদার বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের আয়। কিন্তু এই প্রবাসীদের বিদেশে পাঠানোর সঙ্গে যে ব্যবসায়ীরা জড়িত, তাঁরা আজ চরম অবহেলিত। তাঁদের ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রবাসীকল্যাণমন্ত্রীর আজ বায়রার নেতাদের সাক্ষাত্ পর্যন্ত দিচ্ছেন না। এ সমস্যা সমাধানে আমরা এফবিসিসিআইয়ের সভাপতির হস্তক্ষেপ কামনা করছি।’ বায়রার নেতাদের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কাজী আকরাম বলেন, মানবসম্পদের ব্যবসায় মানবতাবোধ থাকা একান্ত জরুরি। কিন্তু সেখান থেকে বিচ্যুত হওয়ার কারণেই আজকে এই সমস্যা। কাজী আকরাম বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে ৮২ লাখ প্রবাসীকর্মী রয়েছেন। তাঁদের যদি দক্ষ করে পাঠানো যেত, তাহলে তাঁরা এখন যে প্রবাসী-আয় পাঠাচ্ছেন, তার চেয়ে কয়েক গুণ বেশি পাঠাতে পারতেন। আর বাংলাদেশি শ্রমিকদের বিদেশে যেতে খরচও অনেক বেশি। কিন্তু সরকার এখন যে খরচের কথা বলছে, সেটি অনেক কম। কাজেই বায়রাকে খরচ কমাতে হবে। নিজেদের ভুল বুঝতে হবে।’ কাজী আকরাম বলেন, ‘আপনাদের সঙ্গে মন্ত্রীর যে দূরত্ব সেটি সমাধানে আমি কাজ করব। দরকার হলে আমি প্রধানমন্ত্রীর কাছেও যাব।’ এফবিসিসিআইর সম্মেলনকক্ষে ‘বাংলাদেশের জনশক্তি রপ্তানি: সম্ভাবনা, সমস্যা ও সমাধান’ শীর্ষক এই মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম, সহ-সভাপতি হেলাউদ্দিন, বায়রার মহাসচিব আলীয় হায়দার চৌধুরীসহ এ খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।