মানবসম্পদের ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য অবশ্যই দক্ষ ও যোগ্য লোকবল প্রয়োজন। প্রতিষ্ঠানের সাফল্য তখনই আসবে, যখন প্রত্যেক কর্মীই প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন। আর এ জন্য কোনো প্রতিষ্ঠানে লোক নিয়োগ দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।এখনকার অধিকাংশ বড় প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেওয়ার কাজ সম্পাদন করেন মানবসম্পদ কর্মকর্তারা। তাঁদের এ গুরুদায়িত্বটি পালন করতে হয় অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে। এ ক্ষেত্রে তাঁদের অবশ্যই যোগ্য লোক বাছাই, নিয়োগ দান এবং তাঁদের কার্যমূল্যায়ন করার কাজে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হয়। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে কীভাবে একটি প্রতিষ্ঠানে যোগ্য লোকবল নিয়োগ, বাছাই ও কাজের মূল্যায়ন করা যায়—সে বিষয়ে ঢাকায় ৯ জানুয়ারি ‘মানবসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস ডট কম। ঢাকায় প্রথম আলো কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষজ্ঞ বক্তারা বলেন, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সাফল্য আনতে যোগ্য লোক প্রয়োজন। আর যোগ্য লোক বাছাইয়ের দায়িত্বটি বর্তায় মানবসম্পদ কর্মকর্তাদের ওপর। এ ক্ষেত্রে তাঁরা একেকজন সংগঠক হিসেবে ভূমিকা পালন করবেন।কোনো প্রতিষ্ঠানে লোকবল নিয়োগ দেওয়ার সময় প্রথমেই গুরুত্বের সঙ্গে উল্লেখ করতে হবে কাজের ধরন কী হবে, কী কী কাজ করতে হবে এবং কাজটি করতে কেমন যোগ্যতার দরকার হবে— এসব বিষয় থাকবে নিয়োগ বিজ্ঞপ্তিতে। তবে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সময় লক্ষ রাখতে হবে যে ওই কাজের জন্য যোগ্য লোক নিজের প্রতিষ্ঠানেই আছে কি না, এটা হলে ভালো। তবে তেমন যোগ্য লোক পাওয়া না গেলে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। আবেদনপত্র জমা পড়ার পর সেগুলো পুঙ্খানুপুঙ্খ বাছাই করতে হবে। এ ক্ষেত্রে খুব যোগ্যতাসম্পন্ন ও মাঝামাঝি এই দুই ধরনের আবেদনকারী প্রাধান্য পাবেন। অনেক সময় দেখা যায়, কারও প্রাতিষ্ঠানিক ফলাফল মাঝারি মানের কিন্তু কাজে দারুণ পারদর্শী। আবেদনপত্র বাছাই করে প্রাথমিক পরীক্ষার জন্য আবেদনকারীদের ডাকতে হবে। প্রত্যাশা অনুযায়ী ফলাফলের পর তাঁদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। সাক্ষাত্কার পরীক্ষায় কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন না করাই শ্রেয়। যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে আবেদনকারীর কাছ থেকে বেশি তথ্য বের করে আনার চেষ্টা করতে হবে। আর এ সময় লক্ষ রাখতে হবে, তাঁর যোগ্যতা কতখানি, নেতৃত্বের গুণাবলি কেমন, ইংরেজি ও বাংলা দুই ভাষায় সাবলীলভাবে কথা বলার যোগ্যতা আছে কি না, নতুন পরিবেশে কেমন খাপখাওয়াতে পারে, এসব বিষয়। এ সময় তাঁকে প্রত্যাশিত বেতনের কথা জিজ্ঞাসা না করাই ভালো।সব মিলিয়ে প্রতিষ্ঠানে একজন উপযুক্ত লোককে নিয়োগ দিতে হবে। ভবিষ্যতের বিষয়টিও এ ক্ষেত্রে প্রাধান্য পাবে। কেননা তাঁকে দিয়েই যেন প্রতিষ্ঠানের লক্ষ অর্জিত হয়, সে বিষয়টিও মাথায় রাখতে হবে। নিয়োগ হয়ে যাওয়ার পর তাঁকে কাজ বুঝিয়ে দিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। চাকরিরত অবস্থায় কর্মীদের কাজে-আচরণে পরিবর্তন দেখা দিলে তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাঁর সমস্যার কথা জানা যেতে পারে। একজন মানবসম্পদ কর্মকর্তার সহযোগিতায় একদিকে যেমন কর্মীদের সমস্যার সমাধান হতে পারে, তেমনি প্রতিষ্ঠানের কাজেও গতি আসতে পারে। এভাবে উন্নতি হতে পারে গোটা প্রতিষ্ঠানের। বিশেষজ্ঞরা আরও বলেন, মানবসম্পদ কর্মকর্তারা একটি বার্ষিক অথবা অর্ধবার্ষিক ছক তৈরি করতে পারেন, যেখানে সব প্রতিষ্ঠানের লক্ষ, উদ্দেশ্য, কর্মীদের কাজের ভুল-ত্রুটি, বিভিন্ন কাজের বাজেটসহ অন্যান্য তথ্য লিপিবদ্ধ থাকবে। আগের বছরে কোনো ব্যর্থতা থাকলেতার কারণ ও তা থেকে উত্তরণের উপায়, নতুন বছরের প্রত্যাশা, করণীয় সংযুক্তি ও বর্জনসহ অন্য তথ্যাবলি লেখা থাকবে এতে। নির্দিষ্ট সময় শেষে তাঁরা অর্জিত সফলতা, ব্যর্থতা ও কর্মীদের কাজের মূল্যায়ন করে যথাযথ ব্যবস্থা নেবেন। এরপর কোনো কর্মীর দুর্বলতা বা প্রত্যাশা তাঁদের জানিয়ে দেবেন তাঁরা। প্রয়োজনে নির্দিষ্ট সময় অন্তর কর্মীদের একত্র করে বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে মতবিনিময় সভা করা যেতে পারে। কাজের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে। আপাতদৃষ্টিতে এসব কাজে প্রাথমিক অবস্থায় কিছু অর্থ খরচ হলেও এর সুদূরপ্রসারী একটি ইতিবাচক সফলতা ও লক্ষ্য অর্জিত হবে পুরো প্রতিষ্ঠানের। কর্মশালা পরিচালনা করেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মানবসম্পদ বিভাগের পরিচালক কাজী রাকিব উদ্দিন আহমেদ ও অ্যাপেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান মমিনুল আহসান। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মনোয়ার আহমেদ। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা রিয়াদ হোসেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।