মানবসেবায় ওঁরা ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওঁরা ১১ জন। উদ্যমী তরুণ। ওঁরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করেন। শুধু বাড়িতেই নয়, এ কাজে তাঁরা ছুটে যান বিভিন্ন স্কুলে-কলেজে, হাটে-বাজারে, গঞ্জে-গ্রামে।প্রায় দুই বছর আগে শুরু। এ সময়ের মধ্যে নয় হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন তাঁরা। স্থানীয় মানুষজন এখন তাঁদের নিয়ে গর্ব করেন।এই তরুণেরা সবাই একটি গ্রন্থাগারের সদস্য। নাম ‘চাপালী পাবলিক লাইব্রেরি’। এই পাঠাগারটির প্রতিষ্ঠা ২০০০ সালের ১৪ জুন। এখন সদস্যসংখ্যা ১১৩ জন। আর রক্তের গ্রুপ নির্ণয়ের কাজে যুক্ত আছেন এঁদের মধ্যে ১১ জন।তাঁদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে। ১১ তরুণের মধ্যে দুজন পড়াশোনা শেষ করেছেন। অন্যরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।পেছনের গল্পতাঁদের এই সেবাধর্মে আত্মনিয়োগের নেপথ্যে রয়েছে দুটি দুর্ঘটনা। ২০০৮ সালের শেষ দিকের ঘটনা। চাপালী গ্রামের আনোয়ার হোসেন (৫২) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহন হন। পরে তাঁকে উদ্ধার করে নেওয়া হয় যশোর সদর হাসপাতালে। তাঁর জীবন বাঁচাতে প্রয়োজন হয় জরুরি রক্তের। কিন্তু মৃত্যু পথযাত্রী আনোয়ারের রক্তের গ্রুপ কারও জানা নেই। একসময় পরীক্ষা করে তা জানা গেল। এবার রক্তের সন্ধানে নামার পালা। গ্রামের অনেক মানুষকে হাসপাতালে জড়ো করলেন চাপালী পাবলিক লাইব্রেরির সদস্যরা। কিন্তু যাঁরা রক্ত দিতে এসেছেন, কেউই নিজ নিজ রক্তের গ্রুপ জানেন না। পরীক্ষা শেষে কয়েকজনকে পাওয়া গেল, যাঁদের গ্রুপের সঙ্গে আনোয়ারের গ্রুপের মিল রয়েছে। কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। বাঁচানো গেল না আনোয়ারকে। এই মৃত্যু তরুণদের মনে গভীরভাবে দাগ কাটে।চাপালী গ্রামেরই আবু জাফর (৫৫)। কালীগঞ্জ শহরের শহীদ নূর আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তিনি। ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি ঝিনাইদহ-যশোর মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাঁকেও নেওয়া হয় যশোর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা বলেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি বি-পজিটিভ রক্ত চাই। সেদিনও তাঁর সহায় হোন চাপালী পাবলিক লাইব্রেরির সদস্য ওই তরুণেরা। শিক্ষকের জীবন রক্ষায় সেদিন আবু জাফরের শিক্ষার্থী, আত্মীয়-পরিজনসহ গ্রামবাসীর অনেকেই হাসপাতালে জড়ো হন। তাঁরা রক্ত দিতে প্রস্তুত। কিন্তু একই সমস্যা। কারোরই জানা নেই নিজের রক্তের গ্রুপ। শুরু হলো গ্রুপ নির্ণয়ের কাজ। আটজন পাওয়া গেল, যাঁদের গ্রুপ বি-পজিটিভ। রক্ত পেয়ে বেঁচে গেলেন আবু জাফর।এ দুটি দুর্ঘটনাই ওই তরুণদের চিন্তা পাল্টে দিল। তাঁরা সিদ্ধান্ত নিলেন, মানুষদের রক্তের গ্রুপ নির্ণয় করবেন, বিনা পয়সায়। সিদ্ধান্ত হলো, আগে এ কাজে প্রশিক্ষণ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, ‘বাঁধন’-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিলেন ওই ১১ জন।পথ চলা গণগ্রন্থাগারের স্থায়ী কমিটির সদস্য এস এম পারভেজ। প্রথম দিনের অভিজ্ঞতা বলছিলেন তিনি। ‘২০০৯-এর শুরুর দিকের একটি দিন। কালীগঞ্জ শহরের শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তারকে আমাদের উদ্যোগের বিষয়টি জানানো হলো। তিনি স্বাগত জানালেন। পরদিন সকালে সদলবলে কলেজ ক্যাম্পাসে হাজির হই আমরা। ওই দিনই কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।’চাপালী পাবলিক লাইব্রেরির সভাপতি মাসুম বিল্লাহ প্রথম আলোকে জানান, ‘লাইব্রেরির পক্ষ থেকে রক্তের গ্রুপ নির্ণয়ের এ ধরনের উদ্যোগ প্রায় সাত বছর আগে একবার নেওয়া হয়েছিল। কিন্তু তখন আমরা সফল হইনি। দুই বছর আগের ওই দুটি সড়ক দুর্ঘটনা আমাদের চোখ খুলে দেয়। এ কাজ চালিয়ে যাওয়ার তাগিদ অনুভব করি। এ সময়ের মধ্যে নয় হাজারের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়ে গেছে। এ জন্য কোনো ফি নেওয়া হয়নি।’ সুফল পাওয়া গেলঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ গ্রামের আনছার আলীর স্ত্রী চেয়ার বানু (৫৫)। কালীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে গত বছরের শেষ দিকে তাঁর অস্ত্রোপচার করা হয়। বানুর রক্তের গ্রুপ আগে থেকেই নির্ণয় করা ছিল। একই গ্রুপের তিন-চারজনকে ওই ক্লিনিকে আনা হয়। সময়মতো তাঁদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়। চেয়ার বানুর ছেলে সেলিম রেজা জানান, ওই সময় প্রয়োজনীয় রক্ত সংগ্রহে বেগ পেতে হয়নি। তাই মা বেঁচে যান।এক দিন সরেজমিনগত ১৯ ফেব্রুয়ারি। সকাল ১০টার দিকে সাত তরুণের একটি দল কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের চাকুলীয়া বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির। রক্তের গ্রুপ নির্ণয় চলে দুপুর দুইটা পর্যন্ত। এ সময়ের মধ্যে ৩৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বললেন, প্রত্যেক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা প্রয়োজন, এটা এর আগে তিনি ভাবেননি। তাঁর আশা, খুব শিগগিরই কার্যক্রম অন্য জায়গাতেও ছড়িয়ে পড়বে। ‘রক্তের গ্রুপ নির্ণয়ের সুফল সম্পর্কে এলাকাবাসী এখন জানেন। লোকজন স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন। রক্তের গ্রুপ পরীক্ষায় প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামাদি সংগ্রহে স্থানীয় মানুষজনই অবদান রাখছেন’ বলছিলেন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক আজিম হোসেন।ধন্য হে তরুণ দলস্থানীয় মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, ‘গণগ্রন্থাগারের সদস্য ওই তরুণের দল, আমাদের সবার গর্ব। তাদের এ কাজ ভবিষ্যতে অনেকের জন্য মডেল হয়ে থাকবে।’ উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘এ উদ্যোগের তুলনা হয় না। এই তরুণেরা এলাকাবাসীর মান বাড়িয়েছে। তাদের পাশে আমরা আছি।’ এই তরুণদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন শেখ কেরামত আলী।