মানবাধিকার,শান্তি অধরাই থেকে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃত গণতন্ত্র ছাড়া সামাজিক স্থিতিশীলতা ও শান্তি টেকসই হতে পারে না। তিনি বলেন, স্বাধীনতা, মানবাধিকার ও শান্তি অধরাই থেকে যাচ্ছে। অথচ সব ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে।আজ রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘জনগণের ক্ষমতায়ন এবং উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বাসসের। শেখ হাসিনা বলেন, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও সামাজিক নিরাপত্তার অভাবে সামাজিক স্থিতিশীলতা ও টেকসই শান্তি ব্যাহত হওয়ায় বিশ্বের বিভিন্ন স্থানে গণজাগরণের সৃষ্টি হচ্ছে। গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে সমাজে দারিদ্র্য, অসাম্য, বঞ্চনা ও প্রান্তিকীকরণ বৃদ্ধি পায়, যা উগ্রবাদ ও সন্ত্রাসবাদের জন্ম দেয়।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, টেকসই শান্তির জন্য ন্যায়বিচার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটা তখনই অর্জন সম্ভব যখন ক্ষমতায়নের মাধ্যমে জনগণকে অর্থপূর্ণ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা যাবে।’শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তিনি নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়েছেন এবং স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম তিনি প্রত্যক্ষ করেছেন। এ জন্য এসব আদর্শ তাঁর হূদয়ে গেঁথে আছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে নেপালের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজি সেরেস্তা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস, ভারতের পল্লি উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ, ভুটানের পূর্ত ও আবাসনমন্ত্রী নিয়নপো ইয়েশি জিমবা, মালদ্বীপের উপপররাষ্ট্রমন্ত্রী আলী হামেদ, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জন ক্লোস ও ইউনেসকোর উপমহাপরিচালক গেটাচিউ ইনগিদা বক্তব্য দেন।