মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের প্রশ্ন
র্যাবের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া লিমন হোসেনকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, একজন কিশোরকে সরাসরি কারাগারে পাঠানো যায়? এতে কি ১৯৭৪ সালের কিশোর আইনের লঙ্ঘন হয় না?মিজানুর রহমান বলেন, তড়িঘড়ি করে অসুস্থ অবস্থায় লিমনকে ঢাকা থেকে ঝালকাঠিতে স্থানান্তর এবং কারাগারে পাঠানো অস্বাভাবিক। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কণ্ঠ ওয়েব পোর্টালের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, একজন দুস্থ, অসহায়, পঙ্গু ও ভঙ্গুর কিশোরকে কি রাতের আঁধারে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যায়? চিকিৎসাশাস্ত্রে ‘মোটামুটি’ সুস্থ বলে কি কোনো শব্দ আছে? হাসপাতালের ছাড়পত্র রোগীর হাতে না দিয়ে কি পুলিশের হাতে দেওয়া যায়?মিজানুর রহমান বলেন, পঙ্গু হাসপাতালের পরিচালকের পদ কি এতই মোহনীয় যে একে রক্ষা করার জন্য একজন চিকিৎসাধীন পঙ্গু রোগীকে তড়িঘড়ি করে ছেড়ে দিতে হলো?পরে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের পরিচালককে অনেক অনুরোধ করার পরও লিমনকে ‘মোটামুটি’ সুস্থ দেখিয়ে ছাড়পত্র দিয়ে দেন। অসুস্থ অবস্থায় এভাবে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো অমানবিক ও দৃষ্টিকটু।মিজানুর রহমান আরও বলেন, সংবিধানে প্রতিটি নাগরিকের আইনের আশ্রয় লাভের সমান সুযোগের উল্লেখ রয়েছে। কিন্তু লিমনের ঘটনা দেখে মনে হচ্ছে, সে এই সাংবিধানিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। লিমন পঙ্গু, তার হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এ অবস্থায় রাষ্ট্র এতটা উদ্বেগ দেখিয়ে তাকে কারাগারে না পাঠালে কোনো মহাভারত অশুদ্ধ হতো না। এ ছাড়া যে দ্রুততার সঙ্গে লিমনের বিরুদ্ধে করা মামলার তদন্তের কাজ চলছে, তা দেখলে যেকোনো সাধারণ মানুষের মনে হতে পারে তাকে অপরাধী হিসেবে প্রমাণের চেষ্টা চলছে। কমিশনের কাছেও বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে।লিমনের পক্ষে মানবাধিকার কমিশনের আইনি সহায়তা দেওয়ার প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ বার কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছি। তারা লিমনের পক্ষে আইনি লড়াইয়ে মানবাধিকার কমিশনকে সাহায্য করবে।’এ প্রসঙ্গে জানতে চাইলে বার কাউন্সিলের মানবাধিকার ও আইনি সহায়তাবিষয়ক কমিটির সভাপতি জেড এ খান পান্না প্রথম আলোকে বলেন, ‘ঝালকাঠিতে আমাদের সদস্যরা লিমনের বিষয়ে সার্বক্ষণিক নজর রাখছে। আমরা লিমনের পক্ষে আইনি সাহায্যের জন্য মানবাধিকার কমিশনকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করব।’