মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-এর ধারা ৬(১)-এর বিধানমতে রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দেন। এ ছাড়া একজন সার্বক্ষণিক সদস্য এবং পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকাকালীন মিজানুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।সাবেক সচিব এবং বর্তমানে লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কাজী রিয়াজুল হককে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।কমিশনের নিয়োগ পাওয়া পাঁচজন অবৈতনিক সদস্য হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লা, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরোমা দত্ত, ফারিয়া লারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বাংলা একাডেমীর সাবেক পরিচালক ও সাহিত্যিক সেলিনা হোসেন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিরু কুমার চাকমা।অবৈতনিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন তাঁরা কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে সম্মানি ও ভাতা পাবেন।