মানবাধিকার কমিশনের স্বতঃপ্রণোদিত আদেশ
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (সেচ) রংপুর দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মচারী আনোয়ারুল মোমিনকে ২৩ বছর আগে পাগল হিসেবে অপবাদ দিয়ে চাকরিচ্যুতি এবং পাওনাদি পরিশোধ না করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করার জন্য উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরকে বলা হয়। ১১ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন প্রথম আলোর আইন অধিকার পাতায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ জারি করে। ১১ সেপ্টেম্বরের আইন অধিকার পাতায় ‘২৩ বছর ধরে লোকটি পাগল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ২৩ বছর আগে আনোয়ারুল মোমিনকে নিউরোসিস রোগে ভুগছেন এ অজুহাতে চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগপত্র লিখিয়ে নিতে বাধ্য করা হয়। এরপর থেকে তার আনুতোষিক এবং অন্যান্য পাওনাদির জন্য বিভিন্ন দপ্তরে তিনি শতাধিকবার পত্র দিয়েও কোনো ফল পাননি। ১৯৯৫ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর স্ত্রীর বরাবর প্রেরিত এক পত্রে তাঁকে তাঁর সর্বশেষ কর্মস্থল থেকে পাওনাদি বুঝিয়ে নেওয়ার জন্য বলা হয়। এরপর তিনি অসংখ্যবার যোগাযোগ করলেও এখন পর্যন্ত তাঁকে তাঁর পাওনাদি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। মাস দুয়েক আগে সর্বশেষ তিনি ঢাকা মূল দপ্তরে একটি পত্র প্রেরণ করেন। এদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন থেকে প্রতিবেদকের ই-মেইলে জানানো হয়, বর্তমান প্রশাসন এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এবং ভুক্তভোগীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।