মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর সপ্তাহব্যাপী ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক উৎসবের আয়োজন করেছে। গত শনিবার বিশ্ব মানবাধিকার দিবসে এ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। রোববার ছিল এর দ্বিতীয় দিন। এদিন সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের নানা আয়োজনে মুখরিত ছিল জাদুঘর প্রাঙ্গণ। ঢাকা স্বরকল্পন পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা মেঘ জমেছে আকাশ জুড়ে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল ও সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা। দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সর্বশেষ নাট্যধারার পরিবেশনায় ছিল পথনাটক আবারও বাংলাদেশ।আজ সোমবার বিকেল পাঁচটায় শুরু হবে তৃতীয় দিনের অনুষ্ঠানমালা। এতে ইংরেজিতে প্রকাশিত মুক্তিযুদ্ধের বই নিয়ে আলোচনা করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দলীয় সংগীত পরিবেশন করবে বহ্নিশিখা। এ ছাড়া কথা আবৃত্তি চর্চাকেন্দ্র পরিবেশন করবে সৈয়দ শামসুল হকের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।