মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র আজ শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র যেসব রুশ নাগরিকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনতে যাচ্ছে, তাঁদের তালিকা প্রকাশিত হলে দেশ দুটির সম্পর্কে চিড় ধরবে। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের তালিকার প্রকাশ নিঃসন্দেহে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ দিমিত্রি পেসকভ এখন পুতিনের সঙ্গে সাইবেরিয়ার পূর্বাঞ্চল সফর করছেন।পেসকভ বলেন, ‘বিভিন্ন ধরনের নেতিবাচক ঘটনার চাপের মুখেও দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক থাকে ... এখনো (সম্পর্কের) উন্নয়ন ও বৃদ্ধির অনেক সুযোগ আছে।’মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামীকাল শনিবারের মধ্যে ওই তালিকাটি আইনপ্রণেতাদের কাছে উপস্থাপন করবেন। মস্কোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রণীত একটি আইনের আওতায় যেসব রুশ নাগরিকের তালিকা করা হয়েছে, তাঁরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে যদি তাঁদের কোনো সম্পদ থাকে, তবে তা-ও জব্দ করা হবে।নতুন এ আইনটির নাম ম্যাগনিটস্কি আইন। সার্গেই ম্যাগনিটস্কি নামের এক আইনজীবীর নামে এ আইনটির নাম রাখা হয়েছে। ২০০৯ সালে কর ফাঁকির মামলা বিচারাধীন থাকার সময় মস্কোর একটি কারাগারে সার্গেই মারা যান। তাঁর আত্মীয়স্বজন ও সাবেক সহকর্মীদের দাবি, সার্গেই যেসব কর্মকর্তার বিরুদ্ধে কর মওকুফের নামে ২৩ কোটি ডলার আত্মসাতের অভিযোগ এনেছিলেন, তাঁরাই তাঁকে কর ফাঁকির মামলায় ফাঁসিয়ে দিয়েছেন।জেল হেফাজতে সার্গেইর মৃত্যুর পর রাশিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমারা উদ্বেগ প্রকাশ করে। গত বছরের মে মাসে পুতিন পুনর্নির্বাচিত হওয়ার পর দেশটিতে কর্মরত ও পশ্চিমাদের অর্থায়নে চলা কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে রাষ্ট্রের সংঘাত তুঙ্গে উঠেছে। এ ছাড়া সিরিয়াসহ কয়েকটি প্রশ্নে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন চলছে। গত ডিসেম্বরে ম্যাগনিটস্কি আইন প্রণয়নের পর এসব সমস্যা আরও ঘনীভূত হয়েছে। মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র তালিকা প্রকাশ করে, তবে রাশিয়াও দুর্ব্যবহার বিধির আওতায় বেশ কিছু মার্কিন নাগরিকের তালিকা প্রকাশ করবে। এসব নাগরিক রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না। আগামী সোমবার মস্কোতে রাশিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলনের বৈঠক করার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে এ সফর হুমকির মুখে পড়ল।রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার্গেই ইয়াবকভ বলেছেন, ম্যাগনিটস্কি আইনের প্রতিক্রিয়ায় রাশিয়া যা করবে, তার পরিণাম ভালো হবে না। তিনি বলেন, তালিকায় নামের সংখ্যা দিয়ে তাঁরা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নামবে না, তবে তাঁরা যা করবেন, তা হবে যুক্তরাষ্ট্রের প্রতিঘাত।প্রেসিডেন্টের মুখপাত্র পেসকভের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে, রাশিয়া মতবিরোধকে একটি পর্যায়ে সীমিত রাখতে চায়।