বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।বক্তারা পরামর্শ দেন, সবার আগে সুশাসন প্রতিষ্ঠায় বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে হবে। বিশেষ করে র্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী, যাদের প্রতি জনগণের অধিকার হরণের অভিযোগ রয়েছে, তাদের অবশ্যই আইনের শাসনের কাছে জবাবদিহি করার ব্যবস্থা করতে হবে।গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত শেষে একটি প্রতীকী জলাধারে ফুটন্ত পদ্ম ভাসিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাধারণ সম্পাদক জেড আই খান পান্না, প্রতিষ্ঠাতা সদস্য আমীর-উল ইসলাম, এম এ খালেক, দক্ষিণ এশিয়ার মানবাধিকারকর্মী শ্রীলঙ্কার সুনীলা আবেসাকারা।উদ্বোধনের পর আলোচনা সভায় শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। বরং সালিস নামের বীভ ৎস হাতিয়ারের মাধ্যমে নারীদের আত্মহত্যায় প্ররোচিত করা হচ্ছে। সালিসসহ বিভিন্ন উপায়ে প্রতিনিয়ত তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সমাজের একটি অংশ। মানবাধিকারের যেন কোনো স্থান নেই।সভাপ্রধানের বক্তব্যে জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ শেষে আমরা স্বশাসন পেয়েছি, কিন্তু সুশাসন পাইনি। কারণ আমাদের প্রশাসনের কাঠামোগত অবস্থান খুবই দুর্বল।’ তিনি বলেন, ‘স্বাধীনতার ৪০ বছরেও আমরা মানবতাবিরোধী অপরাধীদের (যুদ্ধাপরাধী) বিচার করতে পারিনি। বিভিন্ন গণহত্যার সঠিক বিচার হয়নি। আমরা পারিনি এগুলোর নেপথ্যে লুকিয়ে থাকা অপরাধীদের ধরতে।’মূল আলোচক সুনীলা আবেসাকারা বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ধরনগুলো একই রকম রয়ে গেছে। ১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, তখন শ্রীলঙ্কায় নিজেদের মর্যাদা উদ্ধার করতে আঞ্চলিক লড়াই হচ্ছে। তিনি বলেন, সমতা, ন্যায়বিচার ও শান্তির জন্য কাজ করার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এ ছাড়া কার্যকর গণতান্ত্রিক পরিবেশ রক্ষা, নামমাত্র নির্বাচন প্রতিরোধ, ব্যাপক দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ, বিশেষ করে সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের অধিকার সুরক্ষা করতে হবে। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।সুনীলা মানবাধিকারের সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর জোর দেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে মানবাধিকার-সংশ্লিষ্ট সব ধরনের আন্দোলনে আসকের ভূমিকা অনবদ্য। নারী অধিকার প্রতিষ্ঠা, শিশু অধিকার সংরক্ষণ, নারী নীতিমালা, ধর্মীয় উগ্রবাদের প্রতিবাদ, বৈষম্যের প্রতিকার, র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সুবিধাবঞ্চিতদের অধিকার আদায়ের আন্দোলনে আসক সব সময় রাজপথেই ছিল।শুভেচ্ছা বক্তব্যে সুলতানা কামাল বলেন, বাংলাদেশকে এমন একটি দেশে পরিণত করতে হবে, যেখানে কোনো প্রকার বৈষম্য, বঞ্চনা, নির্যাতন থাকবে না। সেই প্রত্যয় থেকে প্রতিবাদী হতে হবে।অনুষ্ঠানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আসকের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠান দক্ষিণ এশিয়া আঞ্চলিক প্রকল্প প্রতিনিধি আব্বাস ফায়েজ। শুভেচ্ছা বার্তা পাঠ করেন সুলতানা কামাল।আলোচনা সভায় বক্তারা আসকের গত ২৫ বছরের কার্যক্রমে কোনো অশুভ শক্তির কাছে মাথা নত না করে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার দৃঢ়তাকে ধরে রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেড আই খান, এম এ খালেক, বাউশির নির্বাহী পরিচালক মাহবুবা বেগম।আলোচনা সভার আগে শোকপ্রস্তাব উপস্থাপন করেন ফাতেমা মাহমুদা। আসকের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য সালমা সোবহান, কে এম সোবহানসহ প্রয়াত সব সদস্য এবং বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।আলোচনা শেষে আসকের ২৫ বছর পূর্তির প্রকাশনা আত্ম-প্রতিকৃতির মোড়ক উন্মোচন করা হয়।পরে আসকের কর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাসের দেশ নাটক মঞ্চায়ন শেষে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ফটকসংলগ্ন সড়ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ছায়ানট সংস্কৃতি ভবনে গিয়ে শেষ হয়। এতে দেশের বিশিষ্ট নাগরিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বেসরকারি সংস্থা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।আজ শনিবার রবীন্দ্রসরোবরে দ্বিতীয় দিনের কর্মসূচিতে মানবাধিকার নিয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।