মানবাধিকার রক্ষার জবাবদিহি অধিবেশন
জেনেভার আকাশ রোদেলা নয়, মেঘলা। মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর বাংলাদেশ থেকে আসা মানবাধিকারকর্মীদের মনগুলো যেন জেনেভার আবহাওয়ার মতোই। তাঁরা এখানে এসেছেন ২৯ এপ্রিল জাতিসংঘের অধিবেশনে সরকারের মানবাধিকার রক্ষার অঙ্গীকার ও বাস্তবতার হিসাব মেলানোর প্রক্রিয়ায় অংশ নিতে। কিন্তু সব কথা ছাপিয়ে বারবার ঘুরেফিরে আসে শুধু সাভারের ভবনধসের কথা, নিরীহ অসংখ্য গরিব শ্রমিকের লাশ হয়ে যাওয়ার কথা। শ্রমিকের অধিকার অর্জনের কথা। কখনো বা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন। হায় রে মানবাধিকার!জেনেভায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনা হতে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতিতে (ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা ইউপিআর) মূলত তিনটি প্রতিবেদনকে বিবেচনায় নেওয়া হয়। সরকারের তৈরি রাষ্ট্রীয় প্রতিবেদন, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থা থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে মানবাধিকার-বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের প্রতিবেদন এবং জাতীয় মানবাধিকার কমিশন, বেসরকারি সংস্থা অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মানবাধিকার-বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের প্রতিবেদন।২৯ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ অধিবেশনে যোগ দেওয়ার কথা। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ইতিমধ্যেই জেনেভা পৌঁছেছেন। আর ১৯টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের বেশ কয়েকজন সদস্য এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে জেনেভায় অবস্থান করে বিভিন্ন লবিস্ট গ্রুপের সঙ্গে আলোচনা করছেন।এই ফোরামের অন্যতম সদস্য আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, যিনি ফোরামের আহ্বায়ক এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জেনেভায় জানালেন, এ অধিবেশনে বাংলাদেশ বিষয়ে বক্তব্য দেবেন শতাধিক দেশের প্রতিনিধি। ফোরাম গত অক্টোবরে তাদের প্রতিবেদন পাঠিয়ে দেয়। এতে বেশ কিছু ইতিবাচক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন, শঙ্কা, উদ্বেগের কথা বলা হয়েছে। একদিকে যেমন তথ্য অধিকার আইন পাস হয়েছে অন্যদিকে বিনা বিচারে হত্যা, গুম, কিংবা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার প্রশ্নগুলো থেকেই যায়। তাঁরা মনে করেন, এবারের অধিবেশনে মানবতাবিরোধী অপরাধের বিচার, রোহিঙ্গা প্রসঙ্গগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। তবে সাভারে ভবনধসের পর শ্রমিকদের নিরাপত্তা, তাদের ইউনিয়ন করার অধিকারের বিষয়টি আলোচনার অনেকটা জায়গাজুড়েই থাকবে। আর সরকারকে প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি জবাবদিহি করতে হবে, তারা যে অঙ্গীকার করেছিল তার বাস্তবায়ন কতটা হলো।২০০৯ সালে মানবাধিকার রক্ষার অঙ্গীকার ও বাস্তবায়ন নিয়ে এ অধিবেশন প্রথম অনুষ্ঠিত হয়। মানবাধিকারকর্মীরা মনে করছেন, মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় এটি একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি। এতে নজরদারি, জবাবদিহির সুযোগ আছে। বহুদিক থেকে তথ্য বা পরামর্শ পাওয়ার ব্যবস্থা আছে। এতে মানবাধিকার প্রশ্নে একধরনের চাপও সৃষ্টি হয়।