মানবাধিকার রক্ষায় চীনের প্রেসিডেন্টের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার রক্ষার ব্যাপারে চীনের অনেক কিছুই করার আছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট হু জিনতাও। চার দিনের যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা করেন। চীনের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, মানবাধিকার রক্ষা ও তার উন্নয়নে চীন সব সময় প্রতিজ্ঞাবদ্ধ। চীন এ ব্যাপারে ব্যাপক উন্নতি করছে। হু সাংবাদিকদের বলেছেন, পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে চীন মানবাধিকার রক্ষায় কাজ করে যাবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের শান্তিপূর্ণ উত্থানকে যুক্তরাষ্ট্রের জন্য ভালো দিক বলেই মন্তব্য করেন। তিনি দালাই লামা ও নোবেল বিজয়ী কারাবন্দী লিউ সিয়াওবোর বিষয়টিও চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন বলে জানিয়েছেন।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে চীনের সঙ্গে ৪৫ হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের ২০০টি বোয়িং বিমান কেনার চুক্তিও রয়েছে। বারাক ওবামা বলেন, এ চুক্তি যুক্তরাষ্ট্রে দুই লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনার অন্যতম কারণ মানবাধিকার বিষয়ে দেশ দুটির মতপার্থক্য। বিবিসি, আল-জাজিরা।