মানবাধিকার লঙ্ঘন করলে জাতিসংঘ মিশনে নিতে বারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সেনাসদস্য ও সেনা ইউনিটকে শান্তিরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করেছে আদিবাসীবিষয়ক জাতিসংঘের একটি ফোরাম। গতকাল শনিবার নিউইয়র্কে শেষ হওয়া ফোরামের বৈঠকে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।জাতিসংঘের ওয়েবসাইটে জানানো হয়, আদিবাসীবিষয়ক জাতিসংঘের স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) দশম অধিবেশনের দ্বাদশ ও ত্রয়োদশ বৈঠকে এ সুপারিশ করা হয়। ১৬ থেকে ২৭ মে নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ইউএনপিএফআইআইয়ের চেয়ার-পারসন নিকারাগুয়ার মিরনা কানিংহামের সভাপতিত্বে বৈঠকে ফোরামের সাবেক সদস্য লার্স অ্যান্ডার্স বায়েরের উপস্থাপিত প্রতিবেদন গ্রহণ করা হয়। পাশাপাশি ফোরাম এ ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিনিধির উদ্বেগ এবং এ বিষয়ে আদিবাসী সংগঠন ও বেসরকারি সাহায্য সংস্থার মতামত গ্রহণ করে। এসবের ভিত্তিতে ফোরামের পক্ষ থেকে কিছু সুপারিশ তুলে ধরা হয়।ইউএনপিএফআইআইয়ের সুপারিশে বলা হয়েছে, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের আচরণবিধির সঙ্গে সংগতি রেখে মানবাধিকার লঙ্ঘনকারী সেনা ও সেনা ইউনিটকে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে নেওয়া যাবে না।’ পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে বলা হয়েছে, এ চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে সময়সীমা নির্ধারণ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে কীভাবে তা বাস্তবায়িত হবে, সেটি ঘোষণা করতে হবে।নারী ও মেয়েশিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ আদিবাসী জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও দোষীদের শাস্তি দিতে একটি উচ্চপর্যায়ের স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের জন্য আদিবাসীবিষয়ক ফোরাম বাংলাদেশ সরকারের কাছে সুপারিশ করেছে। ওই কমিশন নিপীড়িত লোকজনের ক্ষতিপূরণেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।প্রসঙ্গত, বায়ের তাঁর প্রতিবেদনে প্রস্তাব রেখেছেন, কোনো দেশের সেনাসদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের অনুমোদন দেওয়ার আগে অবশ্যই তাঁদের মানবাধিকার ইতিহাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।লার্স অ্যান্ডার্স বায়ের গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা ও পার্বত্য এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে ’৯৭ সালের পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি শিরোনামে ওই প্রতিবেদন তৈরি করেন।নিউইয়র্কে অনুষ্ঠিত ১২ দিনের বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধিদলের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। বৈঠকে একটি আদিবাসী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চাকমা রাজা দেবাশীষ রায়। তিনি জাতিসংঘ ফোরামে ২০১১-১৩ সালের জন্য নির্বাচিত একজন বিশেষজ্ঞ সদস্য।পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে দেবাশীষ রায় বলেন, দেশে স্থিতিশীলতা রক্ষা এবং গণতন্ত্রের বিকাশের স্বার্থেই সেনা প্রত্যাহার জরুরি।বাংলাদেশের উন্নয়ন অংশীদার দেশগুলোর অন্যতম ডেনমার্কের স্টিন হানসেন বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর দেশের পররাষ্ট্রনীতিতেও এ বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়।অবশ্য জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব ইকবাল আহমেদ অভিযোগ অস্বীকার করার পাশাপাশি বায়েরের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। বাংলাদেশে কোনো আদিবাসী নেই দাবি করে তিনি বলেন, এ কারণে পার্বত্য চুক্তি নিয়ে এই ফোরামে আলোচনার কোনো অবকাশও নেই। বায়েরের প্রতিবেদনকে দুঃখজনকভাবে একতরফা বলে উল্লেখ করেন তিনি।