মানবাধিকার-সংকট গভীর হচ্ছে পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকাগুলোয় মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটছে। এ সংকট উতরাতে ব্যর্থ হচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, উপজাতীয় এলাকায় তালেবান ও সেনাবাহিনী উভয়ই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এতে বলা হয়, ওই সব এলাকায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটলেও সেসবের বিচার হচ্ছে না। এ ছাড়া সাংবিধানিক রক্ষাকবচগুলোর প্রয়োগ হয় না সেখানে। কিছু উপজাতীয় এলাকা থেকে জঙ্গিদের বিতাড়িত করা হলেও ওই এলাকাগুলো এখনো সুরক্ষিত নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা পলি ট্রুসকোট বলেন, এক দশকের সংঘাতময় পরিস্থিতির পরও উপজাতীয় এলাকাগুলো সুরক্ষিত করা হয়নি। সেখানে চলছে হামলা, অপহরণ ও ভীতি প্রদর্শন।‘দ্য হ্যান্ডস অব ক্রুয়েল্টি’ (নিষ্ঠুরতার হাত) শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, উপজাতীয় এলাকায় আইনের শাসন না থাকায় সেখানে মানবাধিকারের সংকট তৈরি হচ্ছে। বিভিন্ন বয়সী পুরুষদের নির্বিচারে আটক করা হচ্ছে। সে তুলনায় তেমন কোনো সুরক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না তাদের। এ ছাড়া আটক অবস্থায় মৃত্যুর ঘটনাও অনেক। প্রতিবেদনে বলা হয়, আটক অনেকে তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছে। কিন্তু সে অভিযোগের কোনো তদন্ত হয়নি বললেই চলে।অ্যামনেস্টি জানিয়েছে, উপজাতীয় এলাকাগুলোয় সাংবিধানিক রক্ষাকবচ বহাল না থাকায় সশস্ত্র বাহিনী নতুন নিরাপত্তা আইন ব্যবহার করে সংঘাত তৈরি করেছে। এ সমস্যা সমাধানে এলাকাগুলোর আইন সংস্কার করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।