সাংবাদিকদের ব্রিটিশ হাইকমিশনার
মানবাধিকার সমুন্নত রাখতেই র্যাবকে প্রশিক্ষণ দেওয়া হয়
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালনের প্রশিক্ষণ দিয়েছিল ব্রিটিশ সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি যাতে আইনসম্মতভাবে দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যকে সামনে রেখেই এ সহায়তা দেওয়া হয়েছিল। কাজেই উইকিলিকসে র্যাবকে ব্রিটেনের সহায়তা প্রসঙ্গে যা বলা হয়েছে, তা সঠিক নয়। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স আজ মঙ্গলবার সকালে রাজধানীর এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। র্যাবকে ব্রিটেনের সহায়তার ব্যাপারে উইকিলিকসে তথ্য প্রকাশে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে কি না জানতে চাইলে ইভান্স বলেন, ‘র্যাবকে মানবাধিকার বিষয়ে সংবেদনশীল করতে প্রশিক্ষণ দিয়েছিল ব্রিটেন। আমরা মনে করি, র্যাবকে যে সহায়তা দেওয়া হয়েছিল সেটি সংগত। আমরা চেয়েছি মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করুক র্যাব। এ সহায়তা র্যাবের জন্য প্রয়োজন ছিল বলেই আমাদের বিশ্বাস।’অপর এক প্রশ্নের জবাবে ইভান্স বলেন, র্যাব মানবাধিকার সমুন্নত রেখে ও আইন মেনে যাতে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সে সময় এ সহায়তা অপরিহার্য ছিল। ভবিষ্যতে কী ধরনের সহায়তা প্রয়োজন, সেটি যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।