মানবাধিকারের আড়ালে অস্ত্র-বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব বিশ্বের দেশগুলোতে মানবাধিকার রক্ষার নামে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন থেকে বিভিন্ন ‘পদক্ষেপ’ গ্রহণ করে আসছে। এসব পদক্ষেপ দেশগুলোতে মানবাধিকার রক্ষায় কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনাসাপেক্ষ। তবে বিশ্ব জুড়ে মানবাধিকার রক্ষায় নিয়োজিত সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন সেসব পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করেছে। গতকাল সোমবার আল-জাজিরা অনলাইনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়, আরব বিশ্বে সৃষ্ট সাম্প্রতিক গণজোয়ার এবং বিক্ষোভকারীদের দমনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ অস্ত্র সরবরাহ করেছিল। এর মধ্য দিয়ে এসব দেশ মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠার নামে বিপুল অঙ্কের অস্ত্র-বাণিজ্য করে।অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিদ্রোহ শুরুর আগে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে দমন-পীড়ন চালানোর জন্য সরকারগুলোকে বিপুল পরিমাণ অস্ত্র জোগান দেয় এসব দেশ। এসব অস্ত্র মানবাধিকারের চরম লঙ্ঘনের কাজে ব্যবহূত হতে পারে—এমন আশঙ্কার মধ্যেই অস্ত্র চুক্তিগুলো করা হয়েছিল।মানবাধিকার রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানটির ওই প্রতিবেদনে বলা হয়, ২৪০ কোটি ডলার মূল্যের হালকা অস্ত্র, টিয়ার গ্যাস, সামরিক যানের বহর ও অন্যান্য নিরাপত্তা সামগ্রী পাঁচটি দেশের কাছে বিক্রি করা হয়। দেশগুলো হলো বাহরাইন, মিসর, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। এসব দেশে সরকারগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে। গাদ্দাফির পতনের মধ্য দিয়ে লিবিয়ায় ইতিমধ্যে সরকারবিরোধী আন্দোলনের অবসান হয়েছে। আর এসব অস্ত্র বিক্রি করেছে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্তত ২০টি দেশ।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্যমান অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন দিয়ে এসব অস্ত্র বিক্রি রোধ করা যায়নি। যুক্তরাষ্ট্র হলো মিসরের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। এসব অস্ত্র সরকারের মাধ্যমে মিসরের সামরিক বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে সরবরাহ করা হয়, যার মূল্য ১৩০ কোটি ডলার।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে দেখা যায়, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্যসহ ১০টি দেশের সরকার ২০০৫ সাল থেকে লিবিয়াকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে।অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, আরব বিশ্বের আরেকটি অন্যতম প্রধান দেশ সিরিয়ায় সামরিক যান সরবরাহ করে ভারত। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটির কাছে গোলাবারুদ বিক্রি করে ফ্রান্স। এ ছাড়া রাশিয়া হলো সিরিয়াকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক যান সরবরাহকারী অন্যতম প্রধান দেশ।