মানবিক শাখা ও ছাত্রীরা একসঙ্গে এগিয়েছে
উচ্চমাধ্যমিকে মানবিক শাখায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। ওই শাখায় পাসের হার বেশি হওয়ায় ছাত্রীদের পাসের হারও বেড়েছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। এইচএসসি পরীক্ষায় এবার ছাত্রীরা ভালো ফল করেছেন। গড় পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে। এবার ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। আর ছাত্রদের গড় পাসের হার ৭৫ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ গড় পাসের হারের চেয়েও ছাত্রীদের পাসের হার বেশি।সূত্রমতে, ছাত্রীরা ভালো করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্তোষ প্রকাশ করেন। গণভবনে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ফলাফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, ‘তাহলে তো সব বোর্ডেই নারীদের চেয়ারম্যান করা দরকার।’সচরাচর মানবিক শাখার শিক্ষার্থীরা পিছিয়ে থাকেন। এবার ওই শাখার শিক্ষার্থীরা গতবারের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি পাস করেছেন। গত বছর মানবিক শাখায় পাসের হার ছিল ৬৪ দশমিক ৮৬ শতাংশ। এবার সেটা বেড়ে হয়েছে ৭৮ দশমিক ৭৪ শতাংশ। এর প্রভাব পড়েছে পাসের গড় হারে। এ ছাড়া বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পাসের হারও সামান্য বেড়েছে। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘এইচএসসিতে মোট পাসের হার বাড়ার অন্যতম কারণ মানবিকে পাসের হার বেড়ে যাওয়া। আর মানবিকে ভালো করার সঙ্গে ছাত্রীদের ভালো ফলের একটি যোগসূত্র আছে।’ তিনি বলেন, গ্রামাঞ্চলে অধিকাংশ শিক্ষার্থী মানবিকে পড়েন, গ্রামাঞ্চলে ছাত্রীসংখ্যাও বেশি।প্রকাশিত ফল অনুযায়ী মানবিক শাখায় ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৯৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৫ শতাংশ। ছাত্রীদের ভালো করার পেছনে সরকারের উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতনতাও বড় কারণ বলে মনে করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তিনি আরও বলেন, এখন যেভাবে সবকিছু মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া হয়, আগে সেটা হতো না। এটিও ভালো ফলের কারণ।এবার আট বোর্ডে ২৬ হাজার ৯৫৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৫১৪ জন। অর্থাৎ জিপিএ-৫-এর দিক দিয়ে ছাত্ররা এগিয়ে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পাসের হারে ছাত্রীরা এগিয়ে।রাজশাহী বোর্ডে ছাত্রীদের এগিয়ে যাওয়ার চিত্র চোখে পড়ার মতো। ওই বোর্ডে ছেলেদের পাসের হার যেখানে ৭৫ দশমিক ৬৫ শতাংশ, সেখানে ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ। ঢাকা বোর্ডে ছাত্র ও ছাত্রীদের পাসের অনুপাত যথাক্রমে ৮১ দশমিক ৪১: ৮২ দশমিক ২৫। সিলেট ও বরিশালে ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় সামান্য কম। কুমিল্লা বোর্ডে ছাত্র ও ছাত্রীদের পাসের হার প্রায় সমান।মানবিক শাখায় এ বছর মোট ছাত্রী ছিলেন দুই লাখ ১৯ হাজার ৩৩৬ জন, ছাত্র ছিলেন এক লাখ ৪৯ হাজার ২১০ জন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, ‘মানবিকে ভালো করার কারণে ছাত্রীদের পাসের হার এবং মোট পাসের হার উভয়ই বেড়েছে বলে মনে হয়।’