মানবিক সহায়তার পক্ষে ঢাকা, চাপে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে বাংলাদেশের নেওয়া অবস্থানকে অনেকটা বাস্তবসম্মত বলে মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে জাতিগত সহিংসতার মুখে দেশ ছেড়ে আসা রোহিঙ্গারা শরণার্থী হিসেবে আশ্রয় পেতে পারে বলে মনে করছে তারা। প্রথম দিকে পশ্চিমা রাষ্ট্র ও সংস্থাগুলো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের টেকনাফ সীমান্ত খুলে দিতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছিল। রোহিঙ্গা সমস্যার সঙ্গে যুক্ত দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, দেশত্যাগী রোহিঙ্গাদের সীমিত সময়ের জন্য জরুরি মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ। সরকার এখনো এ অবস্থানকেই অগ্রাধিকার দিতে চায়। সম্পদের অপ্রতুলতা, রোহিঙ্গাদের নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে বাংলাদেশ তাদের নতুন করে শরণার্থী হিসেবে গ্রহণ করতে চাচ্ছে না। এই কর্মকর্তাদের মতে, সরকারের অবস্থান বাস্তবসম্মত বিবেচনা করেই রোহিঙ্গা সমস্যা সমাধানে এখন মিয়ানমার কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় চাপ বাড়াচ্ছে।এশিয়া সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কাল সোমবার মিয়ানমারে যাচ্ছেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা সমস্যা আবার আন্তর্জাতিক গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশও কূটনৈতিক মহলে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সচেষ্ট হয়েছে। আবার যুক্তরাষ্ট্র এ বিষয়ে ঢাকার নীতিগত অবস্থান ও বাস্তবতা দেখতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নাগরিক সুরক্ষা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া ওটেরোকে পাঠিয়েছে। গত আগস্টে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ সম্মেলনে গিয়ে নিজের অবস্থান তুলে ধরে বাংলাদেশ। ওবামার মিয়ানমার সফর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডলিয়ন গত শুক্রবার ওয়াশিংটনে এক বিবৃতিতে বলেছেন, গণতান্ত্রিক সংস্কারের পথ সুগম করতে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে রোহিঙ্গা সমস্যার বিষয়টি তুলবেন প্রেসিডেন্ট ওবামা। একই দিন মার্কিন সিনেট ও কংগ্রেসের ২১ জন সদস্যও রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরতে বারাক ওবামাকে চিঠি দিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার ইয়াঙ্গুনে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল থেইন সেইন। তিনি রাখাইন রাজ্যে গত অক্টোবরের জাতিগত সংঘাতের জন্য জাতীয়তাবাদী ও ধর্মীয় উগ্রপন্থীদের দায়ী করেছেন। একই দিন জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে পাঠানো চিঠিতে তিনি ওই জাতিগত সংঘাতের নিন্দা জানান।তবে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথ সুগম করতে কাছিন ও ছিন সংখ্যালঘুদের পাশাপাশি রোহিঙ্গাদের সমস্যা মেটানো এবং তাদের স্বার্থ সুরক্ষা জরুরি বলে মত দিয়েছেন মার্কিন সিনেট ও কংগ্রেসের সদস্যরা। মিয়ানমারে দীর্ঘদিন ধরে সেনাশাসন চলছে এবং এ কারণে দেশটি জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের অবরোধের মধ্যে আছে। গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নেওয়ায় সম্প্রতি এই অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক সংস্কার চালু হলেও মিয়ানমার জাতিগত সংঘাত দূর করতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা মিয়ানমারের ওপর পশ্চিমা বিশ্বের চাপ বাড়ছে।জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনীম প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে সরকারের অগ্রাধিকার হচ্ছে দুই শরণার্থী শিবির ও শিবিরের বাইরে থাকা রোহিঙ্গাদের দেখভাল করা। নতুন করে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার অবস্থা বাংলাদেশের নেই। রোহিঙ্গাদের নতুন করে আশ্রয় না দেওয়ার ব্যাপারে সরকার একাধিক কারণ তুলে ধরেছে। গত জুলাইয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অবস্থান ব্যাখ্যা করে বিদেশে বিভিন্ন দূতাবাসে অবস্থানপত্র পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, সীমিত সম্পদের কারণে রোহিঙ্গাদের নতুন করে আশ্রয় দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া অতীতে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি তৈরি করেছে। বিশেষ করে মানব ও মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধে রোহিঙ্গাদের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। কিছু জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মিলে কোনো কোনো রোহিঙ্গা সদস্য অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়েছে। অবৈধ রোহিঙ্গারা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাচ্ছে। সেখানেও তাদের কেউ কেউ আইনশৃঙ্খলাবিরোধী কাজে জড়িয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করেছে। একাধিক দেশে তাদের কারণে জনশক্তি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। নীতিগত অবস্থানের পরও চরম ঝুঁকিতে থাকা নারী-শিশু ও আহত রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়লে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের আশ্রয় দেয়। প্রায় দুই সপ্তাহের বেশি রাখার পর তাদের কয়েক দিনের খাদ্যসামগ্রী দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।ঢাকায় ওটেরো: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সোমবারের মিয়ানমার সফরে সে দেশের কর্তৃপক্ষের কাছে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গটি তুলবেন। রোহিঙ্গাদের দেশত্যাগের কারণে বাংলাদেশও এখন এই আলোচনার অংশ। এই অবস্থায় সর্বশেষ পরিস্থিতি জানতে ঢাকা সফরে আসেন মার্কিন আন্ডার সেক্রেটারি মারিয়া ওটেরো। পরিস্থিতি দেখতে মারিয়া ওটেরো কক্সবাজারের দুই শরণার্থী শিবির ও আশপাশের এলাকাতেও যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা ও জাতিসংঘ অনুবিভাগের দায়িত্বশীল দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ যেভাবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়েছে, তার প্রশংসা করেছেন ওটেরো।তবে কক্সবাজার সফর শেষে ওটেরো সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা বিষয়টি জটিল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে শক্তিশালী আন্তর্জাতিক প্রেক্ষাপট। তাই এই অঞ্চলের যেসব রাষ্ট্রের ওপর বিষয়টি প্রভাব সৃষ্টি করে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সমাধান করা প্রয়োজন। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যার একটি সমন্বিত, টেকসই ও ন্যায়সংগত সমাধানে পৌঁছাতে আমরা মিয়ানমার, বাংলাদেশ ও রোহিঙ্গা উচ্ছেদের কারণে প্রভাবিত অন্য দেশগুলোকে সহায়তা করতে তৈরি আছি।’ নতুন বিদেশি সাহায্যে অনীহা: সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, কক্সবাজারে দুই শিবিরের প্রায় ২৮ হাজার শরণার্থী এবং বাইরে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি সরকারের অগ্রাধিকারে রয়েছে। তবে অতীতে বিদেশি সহায়তার কারণে নানা সমস্যা তৈরি হওয়ায় রোহিঙ্গাদের জন্য নতুন করে আন্তর্জাতিক সহায়তা নিতে সরকার আর আগ্রহী নয়। বরং সরকারি তহবিল ও দেশীয় সাহায্য সংস্থার মাধ্যমে কীভাবে এসব জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া যায়, তা-ই গুরুত্ব দিয়ে ভাবছে সরকার।সরকার গত আগস্টে কক্সবাজারে মেদসাঁ সঁ ফ্রঁতিয়েখ (এমএসএফ), অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার (এএএইচ) ও মুসলিম এইড-ইউকের কার্যক্রম নিষিদ্ধ করে। সরকারের অভিযোগ, এই তিন বিদেশি সাহায্য সংস্থা রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে উৎসাহিত করাসহ নানা রকম ‘প্রশ্নবিদ্ধ কাজে’ লিপ্ত। এ ছাড়া সংস্থা তিনটির ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হলেও তারা তা নবায়ন না করেই কাজ চালিয়ে যাচ্ছে।ওআইসি ও তুরস্কের উদ্যোগ: রোহিঙ্গা-সংকট নিয়ে ওআইসি গত ১৪ ও ১৫ আগস্ট সৌদি আরবের মক্কায় বিশেষ অধিবেশনে বসে। বাংলাদেশের পক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অধিবেশনে যোগ দেন। দুই দিনের বৈঠকের পর সংকট মেটাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেয় সদস্যদেশগুলো। আর আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে বিশেষ তহবিল গঠনেরও সিদ্ধান্ত হয়।তুরস্কের ইস্তাম্বুলেও গত ১৪ অক্টোবর ‘আরাকানবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’ নামের একটি বৈঠক বসে। তুরস্কের মানবাধিকার সংগঠন মাজলুমদার আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রীর স্ত্রী এমিন এরদোয়ান। তিনি গত আগস্টে দাঙ্গাকবলিত রাখাইন রাজ্য সফর করেন। ইস্তাম্বুলের সম্মেলনেও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় আন্তর্জাতিক তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি দাঙ্গাকালীন মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে বাঁচা লোকজনকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়। মার্কিন সিনেট ও কংগ্রেস সদস্যদের অনুরোধ: রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে বারাক ওবামাকে গত শুক্রবার চিঠি দিয়েছেন সিনেটের চারজন ও কংগ্রেসের ১৭ জন সদস্য। চিঠিতে বলা হয়, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত নির্যাতনের পরও সেনাসদস্যদের দায়মুক্তি দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়া বন্ধ করতে মিয়ানমার সরকার কার্যত ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে এমনও দেখা গেছে, রোহিঙ্গাদের ওপর রাখাইনদের বর্বরোচিত হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত ছিল। ফলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই রোহিঙ্গাদের কয়েক হাজার ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক শ রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে এক লাখের বেশি রোহিঙ্গা। সিনেট ও কংগ্রেস সদস্যরা বলেন, মিয়ানমারের মুসলমান জনগোষ্ঠীর এ সংকট সে দেশের গণতান্ত্রিক সংস্কারের প্রক্রিয়ায় হুমকি তৈরি করতে পারে। এ প্রেক্ষাপটে মিয়ানমারের নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে তাঁরা ওবামাকে অনুরোধ জানিয়েছেন।