মানবেতর দিন কাটে ওদের
রংপুরের হারাগাছ পৌরসভার কাউনিয়া থানায় বিড়ি কারখানাগুলোতে প্রচলিত আইনের কোনো প্রয়োগ নেই। শ্রমিকদের নিয়মিত নিয়োগ ও নির্ধারিত দৈনিক মজুরি নেই। শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা পুরোপুরি উপেক্ষিত। আর এ ক্ষেত্রে শিশুদের অবস্থা সবচেয়ে নাজুক।গত জুলাই আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এ এলাকার বিড়ি কারখানাগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য সমস্যা নিয়ে পরিচালিত তথ্যানুসন্ধান প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।আসকের এ ধরনের প্রতিবেদন এটাই প্রথম নয়, ২০০৪ সালেও প্রতিষ্ঠানটি বিড়ি কারখানায় কম মজুরি ও শিশুদের অমানবিক পরিবেশে কাজ নিয়ে একটি প্রাথমিক তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। সে প্রতিবেদনেও প্রায় একই চিত্র ছিল। ওই বছরের জানুয়ারি মাসের হিসাবে এক হাজার বা এর বেশি বিড়ি তৈরি করতে তা যত সময়ই লাগুক না কেন শ্রমিকদের মজুরি দেওয়া হতো ১৪ টাকা। অন্যদিকে একই কাজে শিশুরা সর্বোচ্চ সাত টাকা মজুরি পেত। বর্তমানে এক হাজার বিড়ি তৈরির জন্য সরাসরি শ্রমিকেরা ২১ টাকা পাচ্ছেন। কিন্তু শিশুরা পাচ্ছে অর্ধেক বা তারও কম। মধ্যবর্তী দালাল যাদের নামে কাজ আনা হয় বা যাদের কাজের নম্বর আছে, তারা অর্ধেক টাকা নিয়ে নেয়।আসকের দুটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী কারখানাগুলোর মধ্যে ছোট একেকটি ঘরে কয়েক শ শিশু ও প্রাপ্ত বয়স্করা একসঙ্গে কাজ করেন। ঘরগুলোতে জানালা নেই বললেই চলে। ফলে আলো-বাতাস খুবই কম। ভেন্টিলেশন ফ্যান বা অন্য কোনো ফ্যান নেই। দীর্ঘদিন কাজ করার পর তামাকের বিষক্রিয়ায় শিশুদের শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ ও চর্মরোগ দেখা দেয়। গরমের সময় শিশুরা প্রায়ই অজ্ঞান হয়ে যায়। কারখানায় পায়খানার সংখ্যা অপর্যাপ্ত এবং তা ব্যবহারের অনুপযোগী। অসুখ-বিসুখে চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই।আসক প্রাথমিক তথ্যানুসন্ধানে হারাগাছ পৌরসভায় মায়া বিড়ি, আজিজ বিড়ি এবং মেনাজ বিড়ি নামের তিনটি কারখানা থেকে তথ্য সংগ্রহ করে। মোট শ্রমিকদের এক-তৃতীয়াংশের বেশি শিশুশ্রমিক কাজ করলেও রেজিস্টার খাতায় কোনো শিশুশ্রমিকের নাম ছিল না। এরা রেজিস্ট্রি করা বাবা, ভাই বা অন্য কোনো প্রাপ্তবয়স্ক আত্মীয়ের নামের বদলে কাজ করে। কাগজের খোলে তামাকের গুঁড়া ভরা, খোলের মুখ বন্ধ করে প্যাকেটিং পর্যন্ত সব কাজই করে। দালালেরা বা শ্রমিক নেতারা একাধিক বিড়ির অর্ডার নিয়ে (নাম্বার কিনে) শিশুদের দিয়ে কাজ করায়। ফলে তারা ইচ্ছামতো মজুরি দেয়। এ প্রতিবেদনটিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০০২ সালের জরিপ উল্লেখ করে জানানো হয়েছিল, বছরটিতে শুধু হারাগাছ পৌরসভাতেই বিড়ি কারখানা ছিল ৩৩টি। কারখানাগুলোয় ছয় থেকে ১৮ বছর বয়সী শিশুশ্রমিকের সংখ্যা ছিল ১৭ হাজার ৬৩২ জন। একই দিন শিশুশ্রমিকেরা অন্য কারখানাতে গিয়েও কাজ করে। ফলে শ্রমিকের আসল সংখ্যা জানা সম্ভব হয় না। হাইকোর্টের রায়: রংপুরের হারাগাছে বিড়ি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ১৫ হাজার শিশু কাজ করছে—২০০৩ ও ২০০৪ সালে সংবাদপত্রে প্রকাশিত এমন খবরের সূত্রে আইন ও সালিশ কেন্দ্র এবং অপরাজেয় বাংলাদেশ নামের দুটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে রিট করেছিল (১২৩৪/২০০৪)। এতে শিশুদের আর্থিক সুবিধা, শ্রম আইন অনুসরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ৩ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং তাদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হারাগাছ এলাকার মেনাজ, মায়া ও আজিজ বিড়ি কোম্পানিসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর আদালত রায় দেন। শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করতে রংপুরের হারাগাছসহ যেসব এলাকায় বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি করা হয়, তা এক বছরের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, শ্রম আইন ভঙ্গে যে শাস্তি ও ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে তা যথেষ্ট নয়। এটি অর্থবহ করতে শ্রম আইন সংশোধনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাঈম আহমেদ আইন অধিকারকে বলেন, আইন লঙ্ঘনকারী বিড়ি কারখানার মালিকদের জন্য আইনে অর্থদণ্ডের পরিমাণ খুবই কম। ফলে কারখানার মালিকেরা সহজেই ছাড়া পেয়ে যান। অন্যদিকে সবার জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কার্যকর করা সম্ভব না হলে শিশুদের এ ধরনের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে বের করা সম্ভব হবে না।আসকের দুটি প্রতিবেদনের তথ্য মতে, বিড়ি শ্রমিকদের মধ্যে যক্ষ্মা রোগের প্রকোপ বাড়ছে। অল্প বয়সে তাঁরা ধূমপানে আসক্ত হয়ে পড়েন। কোনো না কোনোভাবে শিশুরা এ শিল্পের সঙ্গে জড়িত হয়। তবে প্রথম আলোর রংপুর প্রতিনিধি আরিফুল হকের কাছে মায়া বিড়ি কারখানার মালিক আনোয়ারুল ইসলাম জানান, তাঁর কারখানায় বিড়ির কাজে এখন আর শিশুদের দিয়ে কাজ করানো হয় না। তবে শিশুরা তাঁদের মা-বাবার কাজে সহায়তা করতে পারে বলে তিনি মন্তব্য করেন।কিছু মামলার পরিসংখ্যান: রাজশাহী বিভাগে অবস্থিত হারাগাছ ও অন্যান্য এলাকায় অবস্থিত ২১টি বিড়ি কারখানার বিরুদ্ধে বিভিন্ন আদালতে দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে গত ১৪ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদনটি করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী প্রধান পরিদর্শক (সাধারণ) আবু তৈয়ব খান এবং রাজশাহী বিভাগের উপপ্রধান পরিদর্শক (সাধারণ) মো. আবদুস সামাদ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ বলবৎ হওয়ার পর থেকে রাজশাহী বিভাগীয় দপ্তরের মাধ্যমে এ পর্যন্ত মোট ২৫টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১০টি কারখানাই হারাগাছে অবস্থিত। ২৫টি মামলার প্রত্যেকটিতে আসামিকে দোষী সাব্যস্ত করে মামলাপ্রতি এক হাজার টাকা জরিমানা করা হয়।এ প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, বর্তমানে বিড়ি শিল্পের অবস্থা খুবই নাজুক। হারাগাছ ও অন্যান্য এলাকার কোনো কোনো কারখানার বিরুদ্ধে একাধিকবার মামলা করা হয়েছে। তার পরও মালিকদের আইন মানতে বাধ্য করা সম্ভব হয়নি। শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, শিশুশ্রমের অবসানসহ বিভিন্ন বিষয়ে কারখানার মালিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চপর্যায়ের সিদ্ধান্ত নেওয়া জরুরি।